Skip to main content

তখনই


দৌড়াতে পারো
খুব জোরে দৌড়াতে পারো
আরো আরো জোরে দৌড়াতে পারো

তবু জেনো
সূর্যোদয় সূর্যাস্তের ব্যবধান থাকবে স্থির
কাশফুলও ফুটবে বর্ষা শেষেই।


(ছবিঃ সুমন দাস)

ছদ্মবেশ

কিছু সরল চোখ মিথ্যা বলতে পারে
কিছু সরল হাসি ছুরি লুকাতে পারে

কিছু মিথ্যা সত্য বলতে পারে
কিছু হাসি কান্না আনতে পারে

উপহার

আমার জন্য কি আনবে?
পারো যদি এনো-
এক মুঠো সময়।

সে হোক না গোধূলির মত রাঙা
কিম্বা নদীর কলকল শব্দের মত বিহ্বল
ভোরের মত স্নিগ্ধ
নতুবা তোমার চোখের মত চঞ্চল।

ঈশ্বরকে বলব

আমি ঈশ্বরকে বলব
আমায় স্বর্গে না রাখতে

বলব, তোমার চোখের পাতাগুলোর
একটা পাতায় রাখতে

এগিয়ে

জিভকে একটু বিরাম দাও
হৃদয়েরও কিছু বলার থাকতে পারে।

সব জানাশোনা ছেড়ে এগিয়ে যাও
অজানাতেও কেউ আপন থাকতে পারে।

ছাপ

হাত ছিল ভিজে
দেওয়ালে ছিল কাঁচা রঙ।

ভিজে হাতে লাগল রঙ
কাঁচা রঙে লাগল হাতের ছাপ।

ভিজে হাতে উঠল রঙের দাগ
পাকা রঙে এখনো হাতের ছাপ।

মেয়েটা এখনো সে ভিজে হাতের খোঁজে।

অকৃতজ্ঞ

আমায় ধাক্কা দিতে দিতে
            ধাক্কা দিতে দিতে
              খাদের ধারে নিয়ে আসলে।

আমি ঝাঁপ দিলাম না।

বললে, অকৃতজ্ঞ।

আচমকাই


কিছু মুখ জানলার কাঁচের ওদিকে এখন
এদিকেই ছিল ওরা
এই তো কিছুক্ষণ আগেও

আর জল হাওয়া লাগবে না
আওয়াজ, আর্তনাদ, ডাক কানে যাবে না

আচমকাই হল,
কিছু বোঝার আগেই

আশা

কিছু স্বপ্ন ঝরে গেছে
কিছু স্বপ্ন মাড়িয়ে গেছে
কিছু স্বপ্ন একটা প্রজাপতি পেলো না সারাজীবন
শুকিয়ে গেছে

তবু বেঁচে আছি, কারণ-
আজও কিছু স্বপ্ন কুঁড়ি হয়ে আছে

Subscribe to উপপত্র