sumanasya
14 October 2026
কল্যাণী এক্সপ্রেসওতে সিগন্যালে দাঁড়িয়ে পর পর তিনটে ম্যাটাডোর। সবাই চুপচাপ। আশ্বিনের হালকা ঠাণ্ডা বাতাস রাতের প্রথম প্রহরে অল্প অল্প অনুভব হচ্ছে। আর একটু এগোলেই সামনে গঙ্গা। ওপারে ত্রিবেণীঘাট। অনেক পুজোর প্যাণ্ডেলে ঠাকুর এসে গেছে। আকাশের দিকে আলোর তুবড়ি জ্বালিয়ে দাঁড়িয়ে আছে প্যাণ্ডেলগুলো। এই তো রাস্তা থেকেও দেখা যাচ্ছে আলো। উৎসবের আলো। মাঝের ম্যাটাডোরে যে চোখ বন্ধ করে শুয়ে, যার জন্য এতগুলো মানুষের এই অসময়ে কাজ ফেলে ছুটে আসতে হয়েছে, তার হয়েছে আচমকা ছুটি, পুজোর ছুটি, সে চলল বাড়িতে। যে বন্ধুরা সঙ্গে এসেছে, আশ্বিনের আকাশের দিকে তাকিয়ে ছলছল চোখে ভাষা হাতড়াচ্ছে। বিদায় জানানোর ভাষা। এই আকাশ তো কম কিছু দেখেনি। এদিক ওদিক মেলা এমন মহৎ চওড়া সান্ত্বনা নিয়ে আর কে বসে আছে?
Category
- Log in to post comments
- 1 view