রাজা কহিল, প্রহরী ডাকাতি হইয়াছে ইহা বড় কথা নহে। কাহারও প্রাণ গিয়াছে কি?
প্রহরী কহিল, না মহারাজ!
রাজা তুষ্ট হইয়া একটা স্বর্ণ অলংকার ছুঁড়িয়া দিয়া কহিল, কী করিয়া সম্ভব করিলে ইহা?
প্রহরী উদ্যত গর্ব কৃত্রিম নম্রতায় চাপিয়া কহিল, আমি গ্রামবাসীদিগকে ঘর হইতে বাহির করিয়া দূরে জঙ্গলে লুকাইয়া রাখিয়াছিলাম মহারাজ।
রাজা কহিল, উহারা রাজী হইলে কীরূপে?
প্রহরী হাসিয়া, হাত কচলাইয়া কহিল, সে এক মজা হুজুর। বলিলাম একটি খেলা খেলিব আমরা। আমি তোমাদের বলিব এই গ্রাম এই গৃহ তোমাদের নহে। তোমরা জঙ্গলে যাইয়া এক মনে চক্ষু মুদিয়া ধ্যান করিয়া যদি বলিতে পারো, এই গ্রামের উত্তর দিকে যে আমলকী বৃক্ষ আছে, ইহার ডান দিকের ডালে, কতগুলো পাতা আজ অবধি জন্মিয়াছে ও ঝরিয়াছে তবে আবার ফিরাইয়া আনিব এবং সব ফিরাইয়া দিব।
রাজা হাসিয়া কহিল, উহারা পারিল?
প্রহরী কহিল, না মহারাজ । উত্তর দিকে কোনো আমলকী বৃক্ষই নাই। পারিবে কীরূপে? তবে উহারা বড্ড ভালো। উত্তরে গাছ আছে বিশ্বাস করিয়া উহারা রাজী হইল। এবং খেলায় মতিয়া উঠিল। পাতার সংখ্যা লইয়া এমন তর্ক জুড়িল যে জঙ্গলের সব পাখি বাসা ছাড়িয়া পলাইল।
রাজা আবার হাসিয়া কহিল, শুনিয়াছি আজ তোমাকে লইয়া উহাদের উৎসব?
প্রহরী মাথা নীচু করিয়া কহিল, উহাদের প্রাণ রক্ষা করিয়াছি ইহার জন্য মহারাজ।
প্রহরী প্রস্থান করিল । রাজাও । পাশেই বিদূষক বসিয়া সব শুনিতেছিল। সেও আমন্ত্রিত আজ প্রহরীবরণ উৎসবে। সে আপনমনে কহিল, ছলনায় রাম বিভ্রান্ত হইয়া সীতাকে রাবণের হাতে ফেলিয়াছিল, শকুনির কপট পাশাখেলার ছলে পাণ্ডব হারিয়া ছিল, স্বয়ং কৃষ্ণ যাহাদের সহায়। ছলনা কাহাকে না বিভ্রান্ত করিয়াছে, ইহারা তো সামান্য গ্রামবাসী।
Category
- Log in to post comments
- 1 view