কেদারবাবু নামটা সেকেলে। মানুষটাও। বহুদিন বাউণ্ডুলে জীবন কাটিয়ে রাণাঘাটের থেকে চোদ্দো কিলোমটার দূরে আমড়াতলা গ্রামে পৈতৃকবাড়িতে এসে উঠেছেন। বয়েস ষাটের কাছাকাছি। বাড়িতে যারা এতদিন ছিল তাদের এক কথায় অ-মানুষ বলা চলে। তাদের তাড়িয়ে বাড়িটা বাসযোগ্য করে তুলতে যথেষ্ট বেগ পেতে হয়েছে। কেদারবাবুর চেহারা রোগাটে। মেজাজ শান্ত। নেশা একটাই, মানুষের কীসে কীসে নেশা সেটা নিয়ে গবেষণা করা। গ্রামে একা মানুষ, লোকের উৎসাহ তো থাকবেই। ভুল বললাম, কৌতুহল তো হবেই। তো অনেকেই এসেছে। হতাশ হয়ে ফিরে গেছে। হতাশার কারণ নিশ্চয়ই আছে। কেদারবাবু সব প্রশ্নের উত্তরে বলেন, আগ্রহ পাই না। ফলে ধর্ম থেকে খেলা, রাজনীতি থেকে পশুদরদী সংস্থা কোনো কিছুই কেদারবাবুকে হ্যাঁ বলাতে পারল না। কেদারবাবু একাই থেকে গেলেন গ্রামে। পাগল, দুশ্চরিত্র, স্পাই, জেলফেরত খুনি, তান্ত্রিক, লম্পট ইত্যাদি তকমাও জুটতে শুরু করল একের পর এক। এসবের জন্য তো প্রমাণ আর কার কবে লাগল, অনুমানই যথেষ্ট। কেদারবাবুর কানে এসে। কিন্তু মস্তিষ্কে থাকে না।
পৌষের মাঝামাঝি। শীতটা হঠাৎ হাপিশ হয়ে গেছে গাঁ থেকে। কেদারবাবু বাড়ির সামনে পৈতৃক পুকুরপাড়ে বসে বসে খবরের কাগজ পড়ছেন। আজকাল ধর্মে ধর্মে গুঁতোগুঁতি প্রচুর। এই নিয়েও কেদারবাবুর গবেষণা বিস্তর। সুক্ষ্ম দার্শনিক টাইপের ধর্ম থেকে টাকাপয়সাকারী ধর্ম, রাজনীতিতে ফায়দা দেওয়া ধর্ম, বক্তৃতা দেওয়া ধর্ম, নিত্যনৈমিত্তিক বিনা প্রশ্নে মেনে যাওয়া ধর্ম ইত্যাদি ইত্যাদি। মানুষ ভয় দেখাতে ভালো বাসে। মানুষ ভয় পেতেও ভালোবাসে। এ এক অদ্ভুত নেশা মানুষের। কেউ ভয় দেখালে ভাবে তার অনেক শক্তি। সেই ভেবে সে সুখ পায়। কেউ তাকে ভয় পায় না মনে হলে আবার ডিপ্রেশনে চলে যায়। মানুষ ভয় না পেলে নিজেকে নিরাপত্তাহীন ভাবে। সে মনে করে সে যেন হারিয়ে যাচ্ছে কোথাও, কোনো কাল্পনিক দেশে। অস্বস্তি হয়। তখন মনে মনে নানা ভয় দেখানোর দেবতা দানব ভূতপ্রেত নিয়মকানুন তৈরি করে বলে, এই বেশ একটা কিছু হল। কেদারবাবু ভয় পেতে আর ভয় দেখাতে দুটোই ভালোবাসেন না বলে কেদারবাবুকে কেউ তেমন আপন কোনোদিন মনে করেনি।
দাদা আসব?
দাদা? কেদারবাবু ঘাড় ঘুরিয়ে গেটের দিকে তাকালেন। একটা অল্প বয়েসী ছেলে কাঁধে ব্যাগ, তারই মত রোগাটে গড়ন, মাঝারি উচ্চতা, গায়ের রঙ সাদাটেই বলা চলে দাঁড়িয়ে আছে।
কেদারবাবু বুঝলেন সেলসম্যান। বললেন, কী ফিনাইল না মাজন? আমার দুটোর একটাও লাগবে না।
ছেলেটা বলল, আজ্ঞে কোনোটাই না। বই।
কেদারবাবু বললেন, মানে কী? বই বিক্রি করছ? বাব্বা, আজকালে মুখস্থ করে পাস করার বাইরে লোক অন্য বই পড়েটড়ে নাকি হে?
ছেলেটা দাঁড়িয়ে থাকল। উত্তর দিল না। দুটো কাক মারামারি করতে করতে গাছ থেকে ঘাসে নেমে এলো। কেদারবাবু সেদিকে তাকিয়ে বললেন, বেশ আসুন। বেশিক্ষণ না কিন্তু।
ছেলেটা আসতেই কেদারবাবু বললেন, বারান্দায় চেয়ার আছে নিয়ে আসুন।
ছেলেটা নিয়ে এলো। কেদারবাবু বসতে বলল। বসল। কেদারবাবু আপনি থেকে তুমিতে নেমে এসে বললেন, কী বই, দেখাও।
ছেলেটা বলল, বই না, ম্যাগাজিন। হাতে লেখা। ছাপাতে পারি না। গ্রামের লোকে লেখে খাতার পাতায়। সেগুলো পিন আটকে জেরক্স করে দিই।
বাবা, গ্রামে এত লেখক? তা কী লেখে তারা?
কেউ কবিতা, কেউ নিজের অভিজ্ঞতা, যেমন চাষবাসের, মাছধরার, রান্নার।
দাম?
যতগুলো পাতা হয় তার উপর।
লাভ?
কিছু না।
তবে?
ছেলেটা চুপ।
কেদারবাবু হাত বাড়িয়ে বললেন, নেশা। তোমরা যাকে বলো ভালোবাসা। ওসব ভালোবাসা বলে কিছু হয় না বুঝলে, সবই নেশা। কেটে গেলে সব ফাঁকা। শ্মশানে এত মদ খায় কেন জানো? সুখ চিন্তার নেশা সেখানে ছুটে যায় বলে। বাড়িতে কে কে আছে?
দিদি আর আমি?
দিদি কী করেন?
জামাইবাবু মেরে প্যারালাইসিস করে দিয়েছেন। এখানেই থাকে।
কেদারবাবু স্থির দৃষ্টিতে ছেলেটার দিকে তাকিয়ে থাকলেন। তারপর বললেন, কেস?
হেরে গেছে। টাকা পাঠায়। জেল হয়েছিল। বেরিয়ে গেছে। কিন্তু টাকা পাঠায়। মানে পাঠাত। এখন পাঠায় না। মারা গেছে জামাইবাবু।
কেদারবাবু হাত পাতলেন, বললেন, দাও।
ছেলেটা হাতের উপর চারটে পাতা দিল।
কেদারবাবু বললেন, পরে পড়ব। দাম?
ছেলেটা বলল, সাড়ে তিন টাকা।
কেদারবাবু ফতুয়ার পকেট থেকে দশ টাকা দিয়ে বললেন, আগাম দিয়ে রাখলাম, ফেরত চাই না। আর কী করো তুমি?
ছেলেটা বলল, চুরি।
অ্যাঁ!
ছেলেটা বলল, হ্যাঁ, তবে এ গাঁয়ে না। এমনকি রাণাঘাটের দিকেও না। ওই মুর্শিদাবাদ কী নৈহাটি যখন যেদিকে ইচ্ছা করে।
কেদারবাবু খানিক চুপ করে পুকুরের দিকে তাকিয়ে থাকলেন। তারপর বললেন, তা বেশ। জেল খেটেছ?
হ্যাঁ।
বাহ।
সেই নিয়ে লিখেওছি। অনেক কপি বিক্রি হয়েছিল।
বাহ। কী খেয়েছ সকালে?
ছাতু।
আমি কিছুই না। একটু পর লুচি করব। খাবে?
ছেলেটা বলল, না, জিভে বেশি জল আসে। ভালো খাবার খেলে মন খারাপ থাকে সারাদিন। আবার কবে খাব মনে এই চিন্তা ঘোরে কুকুরের মত। আমার কুকুর মন ভালো লাগে না।
কী মন ভালো লাগে তোমার?
পাখি মন।
পাখি চুরি করে?
করে না? না হলে বাসা বাঁধবে কী করে? এর ওর গাছের ডাল আনে তো। না বলেই তো আনে।
বেশ। কত বয়েস তোমার?
পঁচিশ।
এইভাবেই চলবে?
জানি না। তবে দিদির আগে মরতে চাই না। তাই রোজ ব্যায়াম করি। ছাতু খাই।
দিদিকে খুব ভালোবাসো?
আপনি তো ভালোবাসায় বিশ্বাস করেন না। আপনার ভাষায় দিদিকে ভালো রাখা আমার নেশা।
আমি একদিন যাব।
একদম না। আমার মনে হবে আমি করুণা চাইছি আপনার থেকে। করুণা ভালো জিনিস না। একবার আমাদের গ্রামের এক বড়লোক করুণা করে একবার দুর্গাপুজোয় আমাকে আর দিদিকে নতুন জামা দিয়েছিল। আমাদের আনন্দ হয়েছিল। পরেরবার আর দেয়নি। আমার রাগ হয়েছিল। দুঃখ হয়েছিল। তারপর মনে মনে ওর ক্ষতি চাইতাম। সাপে কেটে মরে যাক, পুকুরে ডুবে মরে যাক, লিভারে ক্যান্সার হয়ে মরে যাক। লোকটা সত্যিই বাজ পড়ে মরে গেল। দিদি আর আমি ওর দেওয়া জামাটা পরে কেঁদেছিলাম। নিজেদের গালে থাপ্পড় মেরেছিলাম। আমি ওর বাড়ির মাটি খেয়ে প্রায়শ্চিত্ত করেছিলাম। করুণা ভালো জিনিস না। পাদের মত, কখন আসবে কোনো ঠিক নেই।
আমি কী করতে পারি তোমার জন্য?
কিছু না। শুধু এইটুকু মনে রাখবেন, তবে আপনার কাছে আমার আসতে সুবিধা হবে।
বেশ।
আজ আসি। আপনি লুচি বানান। আমাকে দেবেন বলেছিলেন, আমার হয়ে দুটো লুচি কার্তিককে দেবেন। খোঁড়া কুকুর। চলতে পারে না। সামনের শিবমন্দিরের গা ঘেঁষে যে পোড়োবাড়ি, ওখানে থাকে।
কী করে খোঁড়া হল?
সনাতন বাড়ুজ্জের মেয়েকে কামড়েছিল। তাই ওকে সনাতন বাড়ুজ্জে মেরে খোঁড়া করে দিয়েছে।
এখন কামড়ায়?
আমি তো দেখিনি। তবে কাছে গেলে গরগর করে। আমার মনে হয় মানুষ দেখলে ভয় পায়। তাই ভাঙা বাড়িতে একা থাকে।
আমাকে যেতে বলছ যে?
আপনাকে কামড়াবে না। এক তো আপনাকে এই গ্রামে আগে দেখেনি ও। আর দুই…
ছেলেটা মাথা নীচু করল।
দুই? কী বলো?
না, থাক।
না, না, বলো।
ছেলেটা মাথা তুলে বলল, দুই হল, আপনি একা মানুষ। অনেক মানুষ একা হয়েও মনের মধ্যে বাজার বানিয়ে ঘোরে। আপনার মনটা ফাঁকা। ওর আপনাকে ভালো লাগবে?
তোমার?
ছেলেটা হাসল।
কেদারবাবুর লজ্জা লাগল। এমন প্রশ্ন তো করেন না। যে প্রশ্নের উত্তর মানুষকে গুছিয়ে দিতে হয় সে প্রশ্ন করেন না কাউকে কেদারবাবু। ওতে কাউকে মিথ্যা বলতে প্ররোচিত করা হয়।
ছেলেটা চলে গেল। কেদারবাবু লুচি বানাতে রান্নাঘরে ঢুকলেন। গান গাইতে ইচ্ছা করল। গান গাইতে ইচ্ছা করা মানে মনের কোনোদিকে নিন্মচাপ তৈরি হচ্ছে। ধীরে ধীরে ঘূর্ণীতে পরিণত হতে পারে। সেটা ভালো না।
Category
- Log in to post comments
- 1 view