এত বিষাক্ত বানাচ্ছ কেন আমায়?
সব সিসিটিভিগুলো অফ করে
টিস্যু পেপারে হাত মুছে
তৃপ্তির ঢেকুর উগরে
বর্ষা ভেজা কাঁচের দিকে তাকিয়ে বসেছিলাম
একা
এমন বিষিয়ে দিচ্ছ কেন আমায়?
যদি না পারছ, ছেড়ে যাও
তোমাকে নিয়ে আমার সংশয় ছিল না কোনোদিন
তোমার হেঁটে আসা পথ জুড়ে বিষ বিন্দু দেখেছি আমি
যা পোড়াচ্ছ, যা ভাঙছ, যে প্রলাপ বকে যাচ্ছ
সে তো তোমাকেই সাজে
আমায় তোমার বিষের যোগ্য ভাবলে কী করে?
তোমার ভাবনায় বিষাক্ত আমি
জর্জরিত
কত বিষ জন্ম দিতে হবে আরও
তোমার বিষকে প্রতিহত করতে
ভাবলে শিউরে উঠছি!
তবু কথা দিচ্ছি তোমায়
তোমাকে নিশ্চিহ্ন করে যাব
আমার বিষে
যে বিষের স্বাদ পাওনি তুমি আজও
পোড়া অক্ষরের ছাই, ছেঁড়া সূচীপত্রের আর্তনাদ
ভাঙা শুভ আচ্ছাদনের দীর্ঘশ্বাস
যে বিষ জন্ম দেয়
সেই বিষের অমৃতে নীলকন্ঠ
নীলকন্ঠ
সেই মহাকাল
অপেক্ষা করো
Category
- Log in to post comments
- 1 view