সবার মুখে দুর্নীতির কথা মানায় না। তাই আজ সেই ভদ্রলোককে আবার খুঁজছি, যিনি গোটা জীবন চাকরি করে, পরিবার পালন করে, অবসরপ্রাপ্তির পরও ক্ষমতাহীন একটা রাজনৈতিক দলের মিছিলে আজও নিঃশব্দে হেঁটে যান, অসুস্থ, অশক্ত শরীর নিয়ে। শুধুমাত্র একটা আদর্শকে ভালোবেসে। আজীবন উস্কানিমূলক চীৎকার শুনিনি মানুষটার গলায়। প্রতিবাদ শুনেছি, শান্ত কঠোর কঠিন স্বরে। যে জীবন যাপন করলে আত্মবিশ্বাস চোখের মণিতে এসে দাঁড়ায়, ভোকাল কর্ডের আস্ফালন আর নিউরনের চাতুরীর উপর না, সেই মানুষটাকে আমি হারিয়ে ফেলেছি। তাই বলছিলাম, সবার মুখে দুর্নীতির কথা মানায় না। ভালোবেসে ক্ষমতাহীনত্ব মানে যে, তার কাছে আরেকবার বসব। তার ট্রেন আসার আগে, ঠাঠা পড়া দুপুরের রোদে স্টেশনের সিমেন্টের বেদীতে সে বসে, তার পাশে গিয়ে বসব। বলব, দলতন্ত্র না, ক্ষমতা না, যে বিশ্বাসে এখনও মানুষের জন্য ভাবো দলমতধর্ম নির্বিশেষে, সেই বিশ্বাসের কথা বলো। আমার ক্ষমতায় দেশ বদলানোর স্বপ্ন দেখি না, সে ক্ষমতা নেই। কিন্তু এত আবিলতায় স্বচ্ছ বাতাসে শ্বাস তো নিতে পারি তোমার চোখে চোখ রেখে, ভয়হীন। সেই কথা বলো। মানুষতীর্থের কথা বলো।
Category
- Log in to post comments
- 1 view