লোকটা হিসাবে হেব্বি তেজীয়ান ছিল, কিন্তু চিন্তা করতে পারত না। তা হিসাবী হলেই যে চিন্তাবিদ হবে তা তো হয় না। একদিন আমি কথায় কথায় বললাম তুমি কিছু পড়ছ এখন? সে বলল, আমি পাঁজি ছাড়া কিছু পড়ি না। আমি বললাম, তোমার গ্র্যাজুয়েশানে কী সাবজেক্ট ছিল? বলল, ইতিহাস।
আমি বললাম, আচ্ছা তোমার ইতিহাসে সব চাইতে প্রিয় চরিত্র কে?
বলল, হিটলার।
আমি বললাম, অ্যাঁ! মানে কেন?
সে বলল শোনো। প্রথম বিশ্বযুদ্ধে জার্মান হেরে ভূত হল?
বললাম, হল।
হিটলার কাকে দায়ী করল? ইহুদিদের। বলল এরা ব্যাটাই আমাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে। এরাই আমাদের জার্মানকে নষ্ট করছে। কারণ আমাদের বিশুদ্ধ রক্ত। আমরা আর্য। ওরা নয়। এই বলে সিলেবাস থেকে ইহুদিদের অবদান তুলে দিল। খবরের কাগজ, মিডিয়ার মাথাগুলোকে সরিয়ে নিজেদের লোক বসিয়ে দিল। নিজে কোথায় যাবে কী বলবে সব রীতিমতো ভেবেচিন্তে স্ক্রিপ্টেড হয়ে গেল। আর ভাষণ? উফ! ইন্টারভিউ দেওয়া পছন্দ করতেন না, কিন্তু ভাষণ যা দিতেন! কাঁদিয়ে দিতেন। জ্বালিয়ে দিতেন। বলতেন আমার ব্যক্তিগত জীবন বলে কিছু নেই। আমার জীবনের প্রতিটা মুহূর্ত দিনরাত দেশের জন্য। তোমারাই আমার সব!
আমি বললাম, সে তো বুঝলাম, কিন্তু এতে হিটলার কেন তোমার প্রিয় চরিত্র হল তার কারণ তো কিছু খুঁজে পেলাম না।
সে বলল, তোমাদের নিয়ে এই এক ঝামেলা। তোমরা বড্ড খোঁজো। সেদিনের সঙ্গে আজকের। আজকের সঙ্গে সেদিনের। কী যে দরকার বাপু বুঝি না। আমি উঠি।
সে চলে গেল। আমি বসে বসে কী ভাবছিলাম। সামনে টেবিলে রাখা খবরের কাগজ। তারিখটায় কেন যেন সন্দেহের চোখে তাকাচ্ছিলাম।
Category
- Log in to post comments
- 1 view