নৈর্ব্যক্তিক
আমার সব কবিতাই তোমায় নিয়ে।
যে তুমি আমার চেনা-অচেনার আলপথে
নিশ্চিন্ত আপন অস্তিত্বে।
সম্পর্কের সুনিপুণ সংজ্ঞায় না -
যে আলো জাগরণের শেষ সীমানায়
ঘুমের প্রান্তে আলোর লালিমা ছড়াতে জানে -
কিছু কথা
কিছু কথা উড়ে যেতেই দাও
আটকিও না
না হলে তুলোর আঁশের মত আঙুলে আটকে থাকবে
ছাড়াতে গেলে আরো জড়িয়ে পড়বে
শ্বাস নিতে অসুবিধা হবে,
গলার কাছে দলার মত পাকিয়ে থাকবে
তুমি কি তবে এড়িয়ে যাবে?
না তো, এড়িয়ে যাবে কেন?
উড়ে যেতেই দাও
ওরা বাসা পাবে হয় তো কোথাও
সেখানে তুমিও থাকবে অন্যভাবে
ব্যথার প্রজাপতি
মুঠো খুলে দিলে
ব্যথারা প্রজাপতির মত উড়ে যায়
আকাশে, বাগানের গাছে, খাটের কিনারায়
প্রজাপতির মত রঙিন ব্যথারা
আড়মোড়া ভাঙা শরীরের মোচড়ে এসে বসে
সুখের মত ব্যথারা
সীমা
'তবু আমার শীর্ন দেহে ধরেছে তোমার রঙ'
নদী এই বলে তাকালো আকাশের দিকে
আকাশ অনন্ত চোখে তাকালো নদীর মুখের দিকে
তখন দিনান্তের রঙ সারা আকাশ বিছিয়ে
নদীর ছলছল চোখে যে তৃষ্ণা
সে তৃষ্ণা সন্ধ্যাকাশের আকুল আকাঙ্খায়
মহাকাশের দিকে তাকিয়ে
অনন্তকাল ধরে
জাগাও
এ পাঁকের দহ থেকে বাঁচাও
তৃষ্ণার জ্বলন্ত কুণ্ডে কিছুকাল আমারও তো কাটল
সব ব্যর্থ হত যদি তুমি না ডাকতে ব্যাথার মত ডাকে
ওরা স্নান সেরে হয় তো এপথ দিয়ে যাবে
ওদের স্তবমালার একটি সুর আমার প্রাণে জাগাও
হোক অক্ষয় সে সুর
প্রাণের সবকটা তার ছিঁড়ে গেলেও
স্মৃতির উড়ো বালি
জলের নীচে বুদবুদ
একটা দুটো তিনটে
তাতে প্রতিচ্ছবি
এর ওর তার
উপরে উঠে ফেটে যাবে
হাওয়ার সাথে মিলিয়ে যাবে
কিছু গাছ, কিছু ফুল, কিছু কথা
মাটির উপরে রোদ বসে পোয়াবে
তুমি ওদের গল্প শুনে বুঝবে
ওরা ওই বুদবুদের গল্প বলছে
তুমি চিনতে পারবে
বলতে পারবে না
ওরা বুদবুদ না এখন
ওরা মিলিয়ে যাওয়া হাওয়া
একাকিত্ব
একা ঘরে একাকিত্বের এক্কা দোক্কা
পর্দা উড়ছে
আলোতে ছায়াতে সোহাগ চলছে খাটে
পরিপাটি করা বিছানার চাদর
হাত বুলিয়েছে কে কবে?
দেওয়ালের আছে কান
চোখ তো নেই,
তার স্পর্শটুকু ইঁটেতে রেখেছে ঢেকে
তৃষাগ্নি
জীবন
জীবন মানে নদী?
নাকি একটা ঘূর্ণিপাক?
গড়গড়িয়ে ছুটছি?
নাকি বোঁ বোঁ চর্কিপাক?
আশা মানে সামনে?
নাকি পিছন টেনে আগে?
হতাশ মানে ব্যর্থ?
নাকি 'সত্যি' গেছে জেগে?
আকাশ সে কি অসীম?
নাকি শেষ না হয়ে থমকে?
প্রেম মানে কি সুখ?
নাকি খানিক গরম কলকে?
কার মানে কি করবে
সেটা মনের উপর দাঁড়িয়ে
সব কি বোঝা যায় রে?
আকাশের মত
দুটো বিস্তীর্ণ ক্ষেতের মাঝে যে বাঁকাপথ
সেখানে সাইকেলে পিঠ দিয়ে দাঁড়িয়ে