Skip to main content

 

মানুষের শুধু সত্য যুক্তি আছে তা তো নয়, মানুষের আবেগীয় যুক্তিও আছে। আবেগীয় যুক্তির ভাষা সাদাতে কালোতে। হয় এটা, নয় ওটা। বাইনারি। আবেগীয় যুক্তির সবটাই “এখনই” আর “তাৎক্ষণিক” দৃষ্টিতে সীমাবদ্ধ। কিন্তু আবেগ যেমন সত্য নির্ভর নয়, তেমন আবেগীয় যুক্তিও সত্য নয়। সত্য যুক্তির মধ্যে সঙ্গতি, শৃঙ্খলা, প্রামাণ্যতার অবকাশ আছে। সেখানে জোরটাই যুক্তির পক্ষে একমাত্র সমর্থন নয়, সত্যটা সত্য বলেই সেখানে মান্য। রবীন্দ্রনাথের “গান্ধারীর আবেদন” মনে করি। দুর্যোধন আর গান্ধারী দুজনেই নিজেদের যুক্তি রেখেছেন ন্যায়ের পক্ষে। দুর্যোধনের ন্যায় আবেগীয় যুক্তির। সেখানে ঈর্ষা, ক্ষমতা মূল নিয়ামক শর্ত। অন্যদিকে গান্ধারীর যুক্তি সত্য যুক্তি। যে ন্যায় পক্ষপাতহীন। যে ন্যায় দুর্বলের অধিকারকেও রক্ষা করে আবার লোভী ক্ষমতাবানের শোষণকে খর্ব করে।

মানুষের সভ্যতার আদিকাল থেকেই একদল মানুষ আছে যারা মনে করে তারাই ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে শেষ কথা। যা তাদের অনুকূল তাই ন্যায়। আসলে মানুষের প্রকৃতির আবেগের দিকটাই তাদের নজরে একমাত্র সত্য। কারণ আবেগের জোর আছে, স্পষ্ট করে সাদাতে কালোতে বলার ভাষা আছে। কিন্তু মানুষের মধ্যে আবেগ ছাড়া আরেকটা দিক আছে যা বিচার শক্তি। কিন্তু বিচারের ভাষা আবেগের ভাষার মত জোরের ভাষা না। বিচারের ভাষা বাইনারির ভাষা না। তার মধ্যে অস্পষ্টতা আছে। ওপেন এণ্ড আছে। সংশয়ের অবকাশ আছে। ভ্রান্তিকে স্বীকার করার সৎ সাহস আছে। এমনকি ভ্রান্তি প্রবণতাকে স্বীকার করে নেওয়ারও মান্যতা আছে। ফলে বিচারের ভাষার সঙ্গে আবেগের ভাষার দ্বন্দ্ব চিরকালের।

আবেগ জানে সে ক্ষণস্থায়ী। আবেগ জানে সে নিজের তৃপ্তির জন্য সত্যকে বাঁ হাতে সরিয়ে ফেলতে পারে অনায়াসে। যাদের পুরাণে হিরণ্যকশিপু, রাবণ প্রমুখের চরিত্রে আঁকা হয়েছিল। সেই রাবণ হিরণ্যকশিপুর ভাষা তো অনেক সময়ই আমারই ভাষা। বিচারের সে স্বাধীনতা নেই। তাকে সত্যের কাছে জবাবদিহি করতে হয় বলেই ক্ষণকালের তৃপ্তির কাছে মাথা নীচু করতে তার বাধে। বিচার তাই জনপ্রিয় নয়। আবেগ জনপ্রিয়। কিন্তু জনপ্রিয়তা কি সত্যের মানদণ্ড? প্রিয় অপ্রিয় আবেগের অবস্থা নির্ভর। কিন্তু সত্য সঙ্গতি, প্রমাণ ও শৃঙ্খলা নির্ভর। তাই প্রিয় অপ্রিয় আচমকা বদলে যায়। সত্য আচমকা বদলে যায় না। তার বদলে যাওয়ারও একটা সঙ্গত কারণ থাকে।

আমাদের সিনেমা শুধু বিনোদনের বিষয় নয়। খেলা শুধু খেলা নয়। সিনেমা আমাদের ন্যায় অন্যায়ের মানদণ্ড নির্ধারণ করে দেয়। আমরা “সিনেমার মত” বাস্তব চাই। খেলা আমাদের দেশপ্রেমের প্রকাশ। খেলা শুধু তো খেলা নয়। দেশপ্রেমের সঙ্গে দেশকে জানা, দেশের মানুষকে জানা, তার বাস্তবিক ইতিহাস ইত্যাদিকে জানার আগ্রহ আমাদের ততটা নেই। আমরা আমাদের কল্পনা অনুযায়ী দেশের ইতিহাস তৈরি করতে চাই। তাকেই সত্য বলে প্রচার করতে চাই। প্রচারে বাধা দেয় যদি কেউ, যদি বলে এটা সত্য নয়। তবে তাকে সত্যাগ্রহী না বলে দেশদ্রোহী আখ্যা দিতে চাই।

আমাদের কাছে আবেগটা বড় জিনিস। আবেগের বেগটা ভীষণ শক্তিশালী। কিন্তু সে বেগের গতিমুখ? সে নিয়ে ভাবার আগ্রহ আমাদের চিরকাল কম। ভক্তির উন্মাদনা আমাদের যতটা প্রিয় ধ্যানের গাম্ভীর্যতা ততটা নয়। রবীন্দ্রনাথ “ভাবুকতা ও পবিত্রতা” প্রবন্ধে আমাদের সতর্ক করছেন। শিকড়ের মাধ্যমে আনা রসকে বলছেন পবিত্রতা। মর‍্যাল স্ট্রেন্থ। কিন্তু এই মর‍্যাল জিনিসটা এখন তর্কাতীত। এখন আবেগেই মূল। মুশকিল হল অনিয়ন্ত্রিত আবেগ যেমন একজন মানুষকে ধ্বংস করে ফেলে ঠিক তেমন একটা জাতকেও দুর্বল করে তোলে। সভ্যতার ভিত্তি আবেগ নয়। আবেগহীন মানুষ আর আবেগসর্বস্ব মানুষ দুই ব্যর্থ। মানুষ মান আর হুঁশ নিয়ে। হুঁশ যদি আবেগের হুংকারে হারিয়ে যায়? হুঁশ হারিয়ে গেলে - তখনও আমোদ চলতে, উল্লাস চলতে পারে। কিন্তু কতদিন? তারপর সেই ভাঙা ধ্বংসস্তুপের আবর্জন সরিয়ে আসবে যে ভাবী প্রজন্ম, তারা কী ভাষায় কথা বলবে? শিখবে আমাদের এই আত্মধ্বংসী উল্লাসের ইতিহাস থেকে কিছু? সময় উত্তর দেবে।

↑