১
---
কাল থেকে জ্বরটা নেই। মৌমিতা চোখ খুলে আগেই ডানদিকে তাকায়। ডানদিকে ছেলের পড়ার টেবিল। সামনে দরজা। এখন খোলা। রোদ এসে পড়েছে। রান্নাঘর থেকে রান্নার আওয়াজ আসছে। শাশুড়ি, অঞ্জনা, রান্না চাপিয়ে দিয়েছে তাহলে। আজ রবিবার। বুবুন আঁকার ক্লাসে গেছে। ক'টা বাজে দেখতে ঘাড়টা কাত করল, মাথাটা এখনও ভার হয়ে আছে। সাড়ে আটটা। রাস্তার আওয়াজ আসছে। রবিবারে আওয়াজটা বেশি হয়। ভালো লাগে মৌমিতার। মানুষের সঙ্গ ভালো লাগে। নির্জনতা বেশিক্ষণ ভালো লাগে না।
বিজন ঘরে ঢুকেই বলল, আজ কিন্তু শুধু মাথা ধোবে না, একেবারে স্নান করে নেবে। বলতে বলতে কপালে হাত দিল, বলল, জ্বর নেই। স্বস্তির ভাবটা একটা ছদ্ম গাম্ভীর্যে চাপা দিল বিজন। তারপর ঘড়ির দিকে তাকিয়ে বলল, এগারোটার মধ্যে স্নান করে নিও। আমি চিকেন এনেছি। আজ বুচু আসছে, ওই রাঁধবে।
বুচু মৌমিতার ননদ। পাশের পাড়ায় থাকে। ওর বর ক্যাটারিং-এর ব্যবসা করে। বিজন প্রাইমারি স্কুলে টিচার।
মৌমিতা ধীরে ধীরে উঠে দাঁড়ালো। বারান্দায় এসে রান্নাঘরের দিকে তাকালো। অঞ্জনা পেছন ফিরে বসে কিছু কাটছে। ধীরে ধীরে রান্নাঘরের দিকে এগোলো। দরজার কাছে দাঁড়িয়ে বলল, মা।
অঞ্জনা পেছন ফিরে তাকালো। হাসল। বলল, কী কাহিল হয়ে গেছিস রে! আমি চা বসাচ্ছি, তুই এসে খাবি, না আগে স্নানে যাবি?
মৌমিতা বলল, স্নানটা সেরে আসি বুঝলে? আজ কি শ্যাম্পু দেব? মাথাটা ভীষণ ভার হয়ে আছে জানো।
অঞ্জনা লাউ কাটছিল। উঠে দাঁড়িয়ে আঁচল দিয়ে হাতদুটো মুছতে মুছতে মৌমিতার কাছে এসে দাঁড়ালো, কপালে হাত দিয়ে বলল, শ্যাম্পু করবি? আবার যদি জ্বরটা আসে?
মৌমিতা অঞ্জনার কাঁধে মাথাটা এলিয়ে দিয়ে বলল, সেও তো। বুবুন কী খেয়ে গেল গো?
অঞ্জনা বলল, ছাতু। আজ আবার কী খেলা আছে খেলে আসবে? বিজনের কাছ থেকে দশ টাকা নিয়ে গেছে। কেক আর চা খেয়ে নাকি খেলবে।
মৌমিতা ঝট্ করে মাথাটা তুলে, চোখ দুটো বড় করে বলল, এই এইটে পড়ে, এখন দোকান থেকে চা…
অঞ্জনা হেসে বলল, আর বলিস না।
মৌমিতা বারান্দার দড়ি থেকে গামছাটা তুলে নিয়ে বাথরুমের দিকে যেতে যেতে বলল, অন্য কিছু না খেলে হয় না?
অঞ্জনা বলল, যাহ্, ছেলেমানুষ, চায়ের দোকান থেকে চা খাবার শখ। খাক না।
২
---
মৌমিতা বাথরুম থেকেই শুনতে পেল ননদের গলা। ভালো নাম ঝিনুক। কিন্তু পাড়ার মেয়ে, বউ হয়ে গেছে পাশের পাড়াতেই, তাই সবাই বুচু বলেই ডাকে। ছেলেমেয়ে নেই। অনেক ডাক্তার দেখিয়েছে। টাকা জোগাড় করছে শান্তনু, ওর বর। আইভিএফ করবে।
বুচু বাথরুমের সামনে এসে বলল, বৌদি আদা দিয়ে চা করছি, আমারও হেবি ঠাণ্ডা লেগেছে। তাড়াতাড়ি বেরোও।
মৌমিতা বলল, শান্তনু এসেছে?
না গো, ও চিকেনটা কিনে নিয়ে আসছে বলল।
মৌমিতা বলল, তোর দাদা কোথায়?
বুচু বলল, ছাদে উঠল তো দেখলাম।
মৌমিতা বলল, আরে তোর দাদা তো চিকেন এনেছে বলল।
বুচু বলল, ওতে হবে না বৌদি। শান্তনু'র মাসতুতো ভাই আসছে ওর দুটো বন্ধু নিয়ে। কমবয়সী ছেলে, বুঝছই তো।
মৌমিতা বলল, হ্যাঁ হ্যাঁ। ভালোই করেছিস। আমি বেরোচ্ছি। হয়ে এসেছে আমার।
একটু বেলা হতে শান্তনু চারজন ছেলেকে নিয়ে ঢুকল।
বুচু বলল, বাজার?
শান্তনু বলল, বিজনদাকে ফোন করেছিলাম, বলল বাজার লাগবে না, আর এরা নিরামিষ খাবে, শ্রাবণের কী একটা ব্রত করছে।
মৌমিতা ডাইনিং টেবিলে খবরের কাগজে চোখ বোলাচ্ছিল। ছেলেগুলোর দিকে তাকালো ভালো করে। গোঁফের রেখা ওঠেনি এখনও স্পষ্ট। জিজ্ঞাসা করল, কী করো তোমরা?
একজন বলল, আমরা সবাই ফার্স্ট ইয়ারে পড়ি। আমাদের তিনজনের ফিজিক্স, ওর ইংলিশ অনার্স।
মৌমিতা হাসল। বুচু যে ছেলেটা প্রথম কথা বলল, ওকে দেখিয়ে বলল, তুমি একে দেখেছো বৌদি আগে। জয়। এই তো বাকি বন্ধুদের নাম বল?
পলাশ, বিপুল, অজয়। অজয় ইংলিশ অনার্স।
হঠাৎ করে সবাই চুপ। ওরা বড় ঘরে গিয়ে বসেছে। বুচুই বসিয়ে এসেছে। ওই গিয়ে ওদের পরোটা আর আলুর চচ্চড়ি দিয়ে এলো। শান্তনু ছাদে উঠে গেছে। বিজন নিশ্চয়ই গাছগুলো নিয়ে পড়েছে। এই এক নেশা চেপেছে কয়েক বছর হল। কত যে টব ছাদে।
বুচু ওদের খাওয়ার তদারকি করছে। মৌমিতা গিয়ে ঢুকল ঘরে। একটা ছোটো চৌকি আছে এ ঘরে। ওরা সোফাতে বসেছে। বুচু'র পাশে গিয়ে মৌমিতা বসে বলল, তা তোমরা হঠাৎ নিরামিষ খাওয়া ধরলে কেন? এখনকার রাজনীতির হাওয়ার জন্য?
অজয় বলল, রাজনীতি না, আমার মনে হয় এটা আমাদের সনাতন ধর্মের প্রথা। বাঙালিরা অনেকটা সরে গেছে এর থেকে।
মৌমিতা বলল, নিরামিষ আর সনাতন এক জিনিস এ কথা কে বলল তোমায়? কোথায় পড়েছ?
অজয় বলল, আপনি ভারত ঘুরলেই বুঝতে পারবেন। বাঙালিরা তো এখন ট্যুরেই যায়, তীর্থে যাওয়া-টাওয়া তো কবেই উঠে গেছে।
মৌমিতা হাসল। বলল, মানে তুমি বলছ লোকাচার আর সনাতন ধর্ম এক? এর কোনো ইতিহাস নেই? আর এই বয়সে তুমিই বা কতটা ভারত ঘুরেছ?
অজয় বলল, আমি অত ঘুরিনি সত্যি, কিন্তু ইউটিউব খুললেই দেখতে পাবেন।
বুচু বলল, কী যে বলে দিদিভাই এরা, আচ্ছা আমিষ না খেলে তোদের শরীর থাকবে, এই কাঁচা বয়স।
মৌমিতা বলল, সেটা কথা নয়। নিরামিষ খেতেই পারে। দুধ আমিষের প্রোটিনের কাজটা করে। কিন্তু কথাটা হচ্ছে একটা অন্ধবিশ্বাসকে যদি সত্যি বলে মেনে নিই, সেটা শরীরের জন্য না, মনের জন্য স্বাস্থ্যকর কী?
জয় বলল, আসলে অজয়দের বাড়ি নবদ্বীপ। ওদের বাড়ির কারা কারা সব নামী বৈষ্ণব ছিলেন। ওনারাই আমাদের এগুলো জানালো। তাছাড়া গোটা ভারতেই তো দেখছ কেমন একটা দেশাত্মবোধ জন্মাচ্ছে, নিজের দেশ, ভাষা, সংস্কৃতি এগুলো নিয়ে। এটা ভালো না?
মৌমিতা বলল, জানি না ভাই। দেশকে জানার চেষ্টা খুব ভালো। তার ইতিহাস, তার ভূগোল, তার ধর্ম, সাহিত্য ইত্যাদিকে জানার চেষ্টা ভীষণ ভালো। কিন্তু সেটা শুধু একদেশী না হয়ে যায় সেটাই দেখার। তার ভালোটা মন্দটা -- দুটোই জানতে হবে। আজকের অবস্থাতেও কোনো প্রোপাগান্ডায় অন্ধবিশ্বাস না রেখে তার ভালো-মন্দ দুটোই বুঝতে হবে। না হলে একটা কৃত্রিম ন্যারেটিভ বানিয়ে চললে আখেরে ভালো হয় কি?
বিপুল হঠাৎ বলে উঠল, আপনি বুঝি বাম আদর্শে বিশ্বাস করেন?
মৌমিতা হাসল। বলল, আমাকে তোমার কোন ফ্রেমে রাখলে সুবিধা হয় তাই খুঁজছ তো? না ভাই। আমার ওরকম কোনো রাজনৈতিক আদর্শ নেই। আমার বিষয় ছিল সমাজবিজ্ঞান, তাই সমাজের দিক দিয়ে দেশটাকে বুঝতে চেষ্টা করি। চারদিকে আড়াল তুলে একটা গল্প বানিয়ে নয়, চারদিকের আলোতে মিলিয়ে নিজের জায়গাটা বুঝে নিতে চাই।
পলাশ বলল, তবে আপনার চোখে সনাতন ধর্ম কী?
মৌমিতা বলল, রোমা রোঁল্যা বিবেকানন্দের জীবনীকে কেন 'দ্য ইউনিভার্সাল গসপেল' লিখেছিলেন ভেবে দেখেছ? রবীন্দ্রনাথের সঙ্গে আলাপের পর কেন উইল ডুরান্ট বলেছিলেন আপনাকে যে দেশ জন্ম দেয় তার পরাধীন থাকার কোনো মানে নেই? কেন মহাত্মা গান্ধীর আদর্শে আইনস্টাইন থেকে লুথার কিং শ্রদ্ধাশীল হয়েছিলেন ভেবে দেখেছ?
বিপুল বলল, কিন্তু আমি যতদূর জানি গান্ধী তো নিরামিষাশী ছিলেন।
মৌমিতা বলল, অবশ্যই ছিলেন। এবং উনি নিরামিষাশী হওয়ার জন্য বলতেনও। কিন্তু তার কারণ এক ছিল জৈনধর্মের প্রভাব, দ্বিতীয় ওঁর বিবেকে লাগত। শুধু উনি কেন, ভারতে অনেক বড় বড় সন্ত-মহাত্মা নিরামিষ খাওয়ার পক্ষপাতী ছিলেন। আমার ওতে কোনো আপত্তি নেই। আমার তর্কের জায়গাটা হল নিরামিষাশী হওয়াটাই যেন তোমার আত্মপরিচয় না হয়, নিজেকে অন্যের থেকে শুদ্ধ-পবিত্র বলে মনে না হয়, সেটা ভ্রান্তধারণা। ওতে ব্যক্তিত্বকে অন্ধ করে বিদ্বেষের বিষ চারিয়ে দেয়। হোলিয়ার দ্যান দাও—এই বোধ যাই আনে সেটা সত্য নয়। মানুষের চরিত্রের বৈচিত্র্য আছে। সে বৈচিত্র্যকে না মান্যতা দিতে পারলে আমাদের ক্ষতি। আর ভারতের পরিচয় তার উদার দর্শন, উচ্চাঙ্গের শিল্পকলা, সাহিত্য ইত্যাদিতে। তাকে অকারণে এত সংকীর্ণতায় বাঁধতে যাবই বা কেন? উদ্দেশ্য তো মোক্ষ, অর্থাৎ মুক্তি। যে জাতের মূল সুর মুক্তির সুরে বাঁধা, তাকে এত আষ্টেপৃষ্ঠে বাঁধতে গেলে তা টিকবে কেন?
৩
---
শান্তনু ঘরে ঢুকল বিজনকে নিয়ে। বুচু উঠে গেছে রান্নাঘরে। বিজন ঘরের পরিবেশ আন্দাজ করে বলল, কী নিয়ে লেগেছে শুনি?
জয় হেসে বলল, না না, বৌদির সঙ্গে অজয়ের একটু মতবিরোধ হচ্ছে। বিপুল বলল, বৌদি সনাতনীদের তেমন একটা দরদের চোখে দেখেন না কিনা, তাই। উনি কিছুটা পাশ্চাত্যের দিকে ঝুঁকে। বিশ্বাস, ভক্তি ইত্যাদির চেয়ে যুক্তি, তর্ক এই সবে বেশি টান। তুলসীদাস বলেছেন জানেন তো, মেয়েকে স্বাধীনতা দিলেই সে দুরাচারী হয়ে যায়। তাই তাকে বাবা, স্বামী আর পুত্রের বশে থাকতে হয়। তাই বলেছেন না অজয়?
অজয় এতটার জন্য প্রস্তুত ছিল না। আসলে তাদের মধ্যে একটা দম্ভ ছিলই, যাকে তারা এতদিন অপরাজেয় ভেবে আসছিল। স্কুলে, কলেজে, পাড়ায় সনাতন ধর্ম নিয়ে অনেক পরিকল্পনা তাদের। তুলসীমঞ্চ যথাযথ রাখা নিয়ে, অন্য ধর্মে বিয়ে নিয়ে অনেক কথা বলে বেড়ায় তারা। তাদের নিজস্ব যুক্তি, গলার জোর, উদ্দীপনা বেড়েই যায়। কিন্তু আজ হঠাৎ এমন শান্ত বলিষ্ঠ বাধা পেয়ে, তাও অপরিচিত লোকের বাড়িতে, একটু বেকায়দায় পড়তেই হয়েছে। পাড়ায় হলে দেখিয়ে দিতাম গোছের মনের ভাব আর কারোর অল্প হলেও বিপুল অনেকক্ষণ ধরে ফুঁসছিল। বিশেষ করে অজয়কে কোণঠাসা হতে দেখে তার অসহ্য লাগছিল।
মৌমিতা উঠে দাঁড়িয়ে বলল, এরপর তো আর তর্ক চলে না ভাই, এরপর তো যা হবে সেটা বিতণ্ডা। গীতায় বাদ আর বিতণ্ডা দুটো আলাদা করে দেখানো আছে জানো তো? ভারতে ন্যায়দর্শন বলে একটা জিনিস আছে, যা বেদান্ত, বৌদ্ধ, জৈন দর্শনের মতই আরেকটা দর্শন। একসময় বাংলায় ছিল। আরো অনেক কিছু ছিল। বয়স কম তোমাদের। কোনো কিছুকেই একেবারে ধ্রুব সত্য বলে এখন থেকেই মেনে নিলে পরে বিশ্বের কাছে অপদস্থ হতে হবে। উত্তরপ্রদেশে গেলে সনাতন বলতে তুলসীদাসের এই শ্লোক বলে তুমি হাততালি পেতে পারো, কিন্তু দেখেছ তো, এখনকার সনাতনীদেরও বাইরে গেলে বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেবের উল্লেখই দিতে হয়, নইলে সেখানে মান থাকে না।
শান্তনু বলল, এসব কথা থাক। চলো হাতমুখ ধুয়ে নাও। আমাদের ভাত বাড়া হচ্ছে।
সবাই বাইরে এসে দাঁড়ালো। মৌমিতা আলাদা করে সবার আসন টানা বারান্দায় পাততে পাততে বলল, শুনছ, ওরা যারা নিরামিষ খাবে তাদের ওদিকে দাও।
হঠাৎ করে বিপুল বলে উঠল, মানে? আজকে এ বাড়িতে আমিষ হয়েছে নাকি?
সবাই থ। মৌমিতা উঠে দাঁড়িয়ে বলল, আজকে এ বাড়িতে আমিষ-নিরামিষ দুইই হয়েছে।
বিপুল বলল, মানে একই রান্নাঘরে? একই উনুনে? হায় রাম, কাল শ্রাবণের শেষ সোমবার। আমার তো তবে এখানে খাওয়া নেই।
অঞ্জনা রান্নাঘর থেকে বেরিয়ে এসে বললেন, আহা, বাড়িতে চিঁড়ে আছে, মুড়ি আছে, গুড় আছে। তাই খাবে। বৌমা ওদের আসনগুলো তুলে দাও। ওরা বড় ঘরে গিয়ে বসুক, আমি ওদের চিঁড়ে আর গুড় দিয়ে আসছি।
অজয় বিরক্ত হল। পলাশ আর জয়ও। খিদে পেয়েছে। সেই সময় এই চিঁড়ে-গুড়? কী যে বাড়াবাড়ি করে বিপুলটা। শান্তনু বলল, এরকম জানলে তোদের এখানে আসতেই বলতাম না রে। এত বদলে গেছিস জয় তুই!
মৌমিতা তাড়াতাড়ি বাধা দিয়ে বলল, আহা থাক না, ওরা ওঘরে বসুক। মা আপনি ওদের দিন, আমি এদিকে বাড়ি। কিন্তু বুবুন?
ছাদ থেকে আওয়াজ এলো, আসছি।
ওরা বেরিয়ে গেল। ওদের বেরোবার সময় সবাই এগিয়ে দিতে এলো। মৌমিতার দিকে কেউ তাকালো না। বাকি সবাইকে হাতজোড় করে নমস্কার করে বেরোতে যাবে, অঞ্জনা বলল, একটা কথা মনে রেখো, অন্ধকারে অনেক ছোটো-ছোটো জিনিসে ঠোকাঠুকি লাগে, আলো জ্বললে আবার সব ঠিক হয়ে যায়। এ দেশে জ্ঞানের আলোর ইতিহাস বহুযুগের, এত সরল হিসাবে ওকে কেটেছেঁটে নিজে ছোটো হয়ে যেও না।
৪
---
মৌমিতা ঘরে এসে শুয়েছে। মাথাটা দবদব করছে। শরীরটা দুর্বল বলেই হয় তো এতটা আঘাত করেছে কথাটা।
বিজন বিকেলে চা নিয়ে ঢুকল। বলল, বুচুরা চলে গেছে। মা বুবুনকে নিয়ে বাজারে গেছেন। ওঠো, চা নাও।
মৌমিতার চোখে জল এলো। ব্যক্তিগত অপমান ঠিক না, এতটা নীচতা মানুষের উপর সহজ শ্রদ্ধাকে আঘাত করে, তার কষ্টটা বড় বেশি। মেয়েদের অপমান এ দেশে নতুন কিছু না। কাগজ খুললেই তার নিত্য পরিচয়। কিন্তু…
বিজন বলল, ওরা ছোটো মৌমিতা।
মৌমিতা চোখের কোল মুছে বলল, ভয়টা তো সেখানেই বেশি। কাঁচা মাটিতে ভ্রান্ত শিক্ষা বড় ভালো জিনিস কি?
বিজন কিছু বলল না। মৌমিতাকে চেনে ও। মৌমিতার মধ্যে একটা যুদ্ধ চলছে। মৌমিতা ফেমিনিজমে বিশ্বাস করে না, নিজেকে হিউম্যানিস্ট বলে।
মৌমিতা বলল, দেখো তুলসীদাস সেদিন কী লিখেছিলেন সেটা আমার ভাবনার জিনিস নয়। সমাজে মানবিক সত্যের বিকাশ ধীরে ধীরে এগিয়েছে। তাকে একদিনে টেনে হিঁচড়ে আনা তো যায় না। সে আমিও মানি। কিন্তু সেই মানবিক সত্যের সাধনা পৃথিবীতে এক-এক সভ্যতায় এক-এক ছন্দে এগিয়েছে। কিন্তু তার সে স্বাভাবিক অগ্রগতির ছন্দপতন ঘটাতে চাইলে সে কি ভালো হয়? সত্য অজেয়, মানি, কিন্তু মানুষের গোঁ কী ভয়ংকর জিনিস দেখছ তো চারদিকে। বাচ্চাদের কফিন অগুনতি হয়ে উঠল বিদ্বেষের আগুনে। একে ভয় করি আমি। মানবিক সত্যে বিদ্বেষের স্থান নেই, মানুষের ইতিহাসে আছে।
বিজন বলল, তুমি শান্ত হও মৌ, সব ঠিক হয়ে যাবে। এত এতদিনের সাধনা এ মাটিতে মানুষের সত্যকে নিয়ে, টালমাটাল হল বলেই এ ডুবে যাবে, এ আমি বিশ্বাস করি না। আগেও কি কম ঝড় গেছে?
মৌ চায়ে চুমুক দিয়ে বলল, ভালোই হয়েছে, তবে তোমার জন্য মিষ্টিটা একটু বেশি।
বিজন বলল, ছাদে যাবে চলো। মুক্ত আকাশের নীচে দাঁড়াই। বদ্ধ ঘরের কথা মুক্ত আকাশের কাছে উড়িয়ে দিয়ে আসি।
বিজন ছাদে উঠতে উঠতে গাইছে, নিশিদিন ভরসা রাখিস হবেই হবে, ওরে মন হবেই হবে।
মৌমিতা বলল, রেগুলেটার অফ্ করেছ? নাকি শুধুই ওভেন?
বিজন গান থামিয়ে জিভ কাটল।
Category
- Log in to post comments
- 3 views