Skip to main content

 

এরকম পুজোর সময়। ক্লাস ফাইভ কি সিক্সে পড়ি। আগের দিন ঠাকুর দেখে ক্লান্ত। ঠাকুমার কোলে মাথা দিয়ে শুয়ে আছি। যদিও ঠাকুমা জানছেন আমি ঘুমাচ্ছি। উনি ধীরে ধীরে আমার মাথায় হাত বুলাচ্ছেন আর এক ননদের সঙ্গে গল্প করছেন। সম্পর্কটা লতায়পাতায় হলে কী হবে এই ননদটি ঠাকুমার ভীষণ প্রিয়। পুণেতে থাকেন। বিধবা। ছেলে সেখানে কাজ করে। মেয়ের বর্ধমানে বিয়ে হয়েছে। মেয়ের বাড়িতেই উঠেছেন। সেই সূত্রেই এই গল্প।

সেই ননদ বলছেন,"আর বোলো না বউদি। মিনসেটা রাতে দরজায় ঠোকা দিয়েছে। আমি ভাবলাম ল..বুঝি মানে। (মানে মেয়ের কথা বললেন।) আমি দরজা খুলে থ। বিয়াই দাঁড়িয়ে।"

এই মিনসে শব্দটার সঙ্গে পরিচয় হয়ে গেছে। কারণ খুব অল্প বয়সেই শরৎবাবুর সঙ্গে সাক্ষাৎ হয়ে গেছে।

"আমি বললাম, কী হল বিয়াই? তো তিনি বললেন, আসলে ঘুম আসছে না, ভাবলাম আপনার সঙ্গে বসে একটু গল্প করি। কী বলি তোমায় বৌদি, এতবড় আস্পদ্দা, আমার গায়ে হাত দিয়ে বলল, চলুন না। আমার হঠাৎ মনে পড়ে গেল, আরে আজকে তো ল.. বাড়ি নেই। ওরা কাল সকালে ফিরবে। কলকাতায় গেছে। আসলে আমি এমন ঘাবড়ে গেছিলাম, আর জানোই তো আমার ভোলা রোগ আছে।"

আমি কাঠ হয়ে শুয়ে। ঘটনাটা যে বুঝছি না তা তো নয়। কিন্তু এ ঘটনা সিনেমা, বইতে হয়। তাই বলে আমার চেনা জানা মানুষের সঙ্গে, তার উপর এত বয়স্ক মানুষদের মধ্যেও হয়? ঠাকুমার হাত আমার মাথার উপর অনেকক্ষণ থেমে গেছে।

ঠাকুমার ননদ কাঁদছেন। চাপা কান্না। উৎসবের বাড়ি। দেওয়ালের তো শুধু কান নেই বিশ্রী মনও তো আছে। কথার পর কথা চাপিয়ে কী না বানাতে পারে!

"আমি ধাক্কা দিয়ে বার করে দিলাম। আর দরজা লাগিয়ে দিতে দিতে একটা খুব খারাপ কথা বললাম, তুমি রাগ করবে শুনলে....বলো রাগ করবে না....আমাকে মাফ করবে বৌদি বলো.....

ঠাকুমা বললেন, কী বলেছিস?

ননদ কান্না উপচে বলল, আমি বলেছি তুমি একটা "বুকাসুদা".... ননদ ফিক করে হেসে ফেলল। ঠাকুমা বললেন, অ্যাই চুপ! কী খারাপ মুখ হয়েছে রে তোর....

মাইরি বলছি আর কোনোদিন কাউকে বলিনি....কিন্তু সেইদিন....

ঠাকুমা বললেন, ভালো করেছিস......

সেই ননদ আমাদের বাড়ি থেকেই তারপর ফেরার ট্রেনে ওঠেন। বর্ধমান ফেরেননি সেবার। কিন্তু ঘটানাটা এইখানেই শেষ নয়। তারপরের দিন ঠাকুমার সঙ্গে ছাদে মুখোমুখি দেখা। আমি এড়িয়েই যাচ্ছিলাম। ঠাকুমা জামাকাপড় তুলতে তুলতে বললেন, অমুক দিদা এখানে থাকবে লক্ষ্মীপুজো অবধি জানিস তো.....কাউকে কিছু বলিস না....তোর মা বড়মা দুজনেই জানে....কারণটাও জানে....

আমি ঘাবড়ে গিয়ে কিছু একটা বলার চেষ্টা করলাম। ঠাকুমা বললেন, যা যা নীচে যা....বড় হয়েছিস এখন....তোর বয়সে আমার বিয়ে হয়ে গিয়েছিল.....

আমার মনে হয়েছিল এ ঘটনাটা শরৎচন্দ্র জানেন। এরকম অনেক অনেক ঘটনা শরৎচন্দ্র জানেন। এ সমাজে একজন পুরুষ মানুষের অনধিকার অশ্লীল প্রবেশের অপরাধ যতটা, একজন মহিলা, যে এই বয়সে এসে পৌঁছেও নিরাপদ নয়, তার মুখে ওই পরিস্থিতেও একটা অশ্লীল শব্দের প্রয়োগের অপরাধবোধ ততটাই। কতদিনের অভ্যাসে এইভাবে ব্রেনওয়াশ সম্ভব সে সমাজবিজ্ঞানীরাই জানবেন। কিন্তু উচ্চশিক্ষিত, সমাজে উচ্চপ্রতিষ্ঠিত একটা পরিবারের মধ্যেও যে এটা সম্ভব, পরে "মি টু" মুভমেন্টে স্পষ্ট হয়েছিল। এরা কেউ আজ নেই। কিন্তু এই ঘটনাটা প্রকাশ্যে থাক। ঘটানাটা নিন্দনীয় বলে না, সেই মানুষটার অপমানটা নিঃশব্দে বয়ে বেড়াতে হয়েছিল বলে। তার হয়ে লেখাটা থাক।

↑