শিং কেন মাথার উপর থাকে? বলো বিদূষক, বলো?
আজ্ঞে রাজামশায়, ফাঁকা মাথাটা যাতে ধাক্কায় ফেটে না যায় তাই আর কী!!
আহা, খাসা খাসা। তা তোমার কী চাই? উপঢৌকন লাগবে নাকি কিছু?
না মহারাজ!
আচ্ছা বলো দেখি, ঢুসোঢুসি কেন করে শিং?
আজ্ঞে তার ফাঁকা মাথায় গরম বায়ু যখন ঊর্ধগামী হয়, তখন সে সব কিছুকেই ঢোসাবার বস্তু দেখে মহারাজ, তাই।
বাহ বাহ, বিজ্ঞানেও ভারী দখল দেখি তোমার। কই যাও? উঠলে যে?
আজ্ঞে মহারাজ কবিরাজের বাড়ি যাব। কাল রাজগোয়ালের একটা গাভী বড়জোর গুঁতিয়েছে। ওর দোষ নেই, একটা কবিতা আওড়াচ্ছিলাম, ও ভেবেছে ওকে বুঝি গাল পাড়ছি....
আহা আহা! তা রাজবৈদ্যকে দেখালেই তো হয়।
থাক মহারাজ। উনি গোশালায় আছেন। ওই গাভীটা আমাকে গুঁতো মারা ইস্তক বইপত্র দেখলেই ক্ষুব্ধ হচ্ছে। ওকে শান্ত করতে গেছেন মহারাজ।
বেশ বেশ। এসো। যখন তখন কবিতা আওড়িও না বুঝলে। ওদের শিং সব তো বোঝে না, বোঝোই তো।
আজ্ঞে মহারাজ।
Category
- Log in to post comments
- 1 view