Skip to main content

কিছু তরতাজা প্রাণ হাওড়া স্টেশানে এসে দাঁড়ায়

     যাবে দক্ষিণে, পশ্চিমের রাজ্যে

          পরিযায়ী শ্রমিক হয়ে

 

কিছু তরতাজা প্রাণ এয়ারপোর্টে, রেলস্টেশানে এসে ভিড় করে

     সেও যাবে দক্ষিণে পশ্চিমে

         দেশ বিদেশের সফটওয়্যার বানাতে

            সাদা কলারে কীসের উদ্বেগ, বিষণ্ণতা

 

কিছু তরতাজা প্রাণ কলকাতার এ মোড়ে, সে মোড়ে বসে

     আশা নিরাশার দ্বন্দ্বে

      রাজায় পুলিশে, ঘরে বাইরে ভীষণ যুদ্ধ

  গভীর অস্তিত্ব সংকট তাদের

 

কিছু তরতাজা প্রাণ ক্লাবে, প্যাণ্ডেলে

     একদিনের পুজোকে চারদিনের

         চারদিনের উৎসবকে দশদিনে টেনে বুঁদ

তারপর বাকি দিনগুলো ক্যারামে, টিভিতে

     নেশাতে, মিছিলে…..দিশাহীন

                       সম্মিলিত একাকীত্বে

                                বিপন্নতায়

 

এরা সবাই সোশ্যালমিডিয়ায় এ পাড়া ও পাড়ায়

     এক গোষ্ঠী আরেক গোষ্ঠীকে চেনে না

             সবাই বাংলায় কথা বলে

                  তবু একে অন্যের ভাষা বোঝে না

      সেলিব্রিটিদের জানলাগুলো খোলা সে কল্পদেশে

            একের ঈর্ষায় আরেকের তীর্যকদৃষ্টি

 

এ ছাড়াও আছে

     যমুনার ধারে শীতে কাঁপতে কাঁপতে

            সে যুবতী, সে বৃদ্ধা দেখে

 শ্রীকৃষ্ণ তাদের ফেলে আসা পুকুরের পাড়ের বাড়িতে,

তারই ফেলে আসা চৌকিতে

    তারই শাড়ির ওয়াড় জড়ানো লেপ মুড়ে ঘুমিয়ে

          শ্রীরাধিকা এইমাত্র শ্যামবাজারের গলির মোড়ের শিবমন্দিরে গঙ্গার জল নিয়ে ঢুকল

     যে জল বাগবাজারের ঘাট থেকে ভরেছে

 

এরা সবাই বাংলায় কথা বলে

   এদের সবারই এ মাটির উপর টান কমবেশি

        তবু এরা ফিরবে না

               কিম্বা ফিরলেও

                    বাংলায় কথা বললেও

                        সেভাবে ফেরা হয়ে ওঠবে না

 

তুমি বলতে পারো, ওরা লোভী

 

আমি বলব, মাটির কতটা কাছে দাঁড়িয়ে

     সে লোভকে জন্মাতে দেখেছ?

 

     দেখো না। লজ্জা পাবে।

Category