Skip to main content

নিজের মানুষ

কাছের মানুষ আছে ক'জন
   নিজের মানুষ নেই
নিজের মানুষ খুঁজতে গিয়ে
   তোমায় পেলাম সেই

মনের মানুষ হয়ে এলে
   নিজের মানুষ যে গো
ও মন ছাড় রে এবার দুনিয়াদারি
   ভিতর ঘরটা গোছা না গো

দুই

ভাব যেখানে রাজী
শরীর সেখানে নয়
শরীর যে পথে রাজী
ভাব সেখানে নয়
এ দ্বন্দ্ব সব দ্বন্দ্বের মূল রে মন
হাওয়া যেখানে ভাসে
     পাথর সেখানে নয়
পাথরের বুকে বাতাস কোথায়?
   তবু দুই অস্তিত্বই কালের স্রোতে বয়

যেদিন মিটবে ঘূর্ণিপাক

প্রতিদিন যদি একবার ডাকো
যদি একবারই যাও ছুঁয়ে
যদি একবার চাও তৃপ্ত নয়নে
যদি এক পা-ই হাঁটো -
                  সাথে নিয়ে

প্রতিদিন তবে তোমারই হোক
  প্রতিদিন শুধু তুমি
তোমার বাইরে আর কি বা খোঁজা
  তোমার আড়ালে আমি

কাছে দূরে

প্রেম করবেই ঠিক করেছিল
    কাছে আসলেই থমকে গিয়ে বলত
  না না না, এখন না।
মনে বলত, এ সে না, এ সে না।

এখন সে থাকে, কার যেন একটা সাথে
  প্রেমের কথা বললেই বলে, ও সব মিছেকথা,
ছেলে ধরানো কথা, মেয়ে বোকানো কথা।

সূর্যাস্তের পথ

যে রাস্তাটা সূর্যাস্ত ছুঁয়ে এসেছে
  সে রাস্তায় হেঁটেছ কখনো?
সে রাস্তার ধারে দাঁড়ানো
অভিভাবক বৃক্ষের আশীর্বাদ
          নিয়েছো কখনো মাথা পেতে?
সে রাস্তার ধুলোতে
      যুগান্তরের পায়ের ধুলো মিশে
তোমার পায়ে মিশেছে কখনো সে ধুলো?

মেঘনীল

তুমি কখন এসে দাঁড়িয়েছিলে একা?
     সংসার যখন গভীর ঘুমে ঢাকা?

সবার অলক্ষ্যে ফিরে গেলে শুকতারার সাথে
  আমি যখন এলাম
তখন দেখি আকাশ, মেঘ, নদী
     তোমার উত্তরীয়র নীল রঙেতে মাখা

(Samiran দার অপূর্ব দেখা......)

 

বাউল

বাউল আমার পায়ে ঘুঙুর
  হাতের আঙুলে একতারা
বুকের মধ্যে অকাল মেঘে
  ঝমঝমিয়ে বৃষ্টিধারা

বাউল আমার চোখ নিয়ে নে
  বুকের দরজা হা-পাট খোল
পায়ের চলা দিক ভুলে যাক
  কানে তোমার সুরের রোল

বাউল আমার কান্না গেছে
  সংসার ছেড়ে তেপান্তরে
সুখের নেশাও হারিয়ে গেছে
  প্রেম সাগরের ডুব লহরে

ভোট অম্বল

স্লোগানে স্লোগানে আকাশ বাতাস মুখরিত ভরপুর
নরমে গরমে গরজি উঠিছে জনতা কর্ণপুর
সকলের ভাল করিবার লাগি তাহাদের ব্যাকুলতা
"ছাড়িয়া দেগো মা কাঁদিয়া বাঁচি" উঠিছে মর্মব্যাথা
তবু ছাড়িবে না, করিবেই ভাল, মিলিয়া কিম্বা একা
কার মতদান কে করিয়া যায়, কার মুখে কার কথা!
ওগো ভোটনাথ, কর্ণ, মর্ম হয়েছে ভীষণ তপ্ত
ক্ষ্যামা দাও এবে, ঝরেছে তো কত রক্তও

এখনই না

     এখনই যাবে কি?
 বাতাসে না আছে ফুলের গন্ধ
         না বারুদের

বাদল বাউল

কোথায় ওরা?
এত শব্দহীন কেন?
উষ্ণ দীর্ঘশ্বাস জর্জরিত
            মাটির আঁচল
আকাশ আর মাটির মাঝে
        তীব্র বিরহের সন্তাপ
দীর্ঘ অপেক্ষা 'বাদল বাউল'-এর
   যার একতারায় বাজবে মিলনের সুর

Subscribe to কবিতা