Skip to main content

 

এক-একটা দরজায় এক-একটা বিশ্বাসের তালা। এক একটা তালা শতাব্দী প্রাচীন। সে তালার পূজক, স্তাবক, প্রচারক সব আছে। তারাও প্রাচীন। তাদের বই প্রাচীন, অক্ষর প্রাচীন। তাদের তর্ক শুরু হয় সিদ্ধান্তকে মেনে নিয়ে। তর্কের শেষে সেই সিদ্ধান্তই হয় জয়ী। বিদ্রোহী প্রতিপক্ষ বাণের গোপন আঘাতে ধরাশায়ী হয়। অনুগত জয়ী হয় আড়াল সমর্থনে।

সংশয়ী জানলার বাইরে তাকিয়ে থাকে। ঘরে তাকে ঘিরে চলে কুৎসা, নিন্দা, ভর্ৎসনা। গভীর রাতে সে তালাদের বুকে কান পাতে। কান্নার আওয়াজ শোনে। দাবিয়ে দেওয়া চীৎকারের শব্দ পায়। ফিরে আসে।

একদিন সে ছুটির আবেদন করল। নামঞ্জুর হল। একদিন সে নির্বাসনের আর্জি জানালো। শাসন এলো। সে একদিন বলল, প্রাচীন বলেই কি সত্য? তবে গ্রহনক্ষত্রের গতির চাইতে, রাহু সত্য। প্রাচীন বলেই কি মহৎ? তবে তো বাবুই পাখির বাসা বানানো, পিঁপড়ের সারিবদ্ধ জীবনশৈলী সবই মহৎ।

সেদিন উৎসব। তালায়ন গাওয়া হল। জয়পতাকা উড়ল। কেউ জিজ্ঞাসা করল না, কোন যুদ্ধে জয়ী হল? সংশয়ীকে জিজ্ঞাসা করা হল, তোমার শান্তি আছে? সংশয়ী বলল, নেই। করতালি ধ্বনিত হল। বলা হল, আমাদের শান্তি আছে কেন জানো? কারণ আমাদের সব দরজায় শতাব্দী প্রাচীন তালা, আমাদের সব অশান্তির পথ রুদ্ধ করে দাঁড়িয়ে। তুমি অশান্তিতে বেঁচে, এই হল নরক। আমরা শান্তিতে বেঁচে। এই হল স্বর্গ।

কোলাহলের ভেতর থেকে কোনো রমণীর খিলখিল হাসির আওয়াজ উঠল। পাওয়া গেল? এ তাকে বলল, মাটির নীচ থেকে আসছে না? কে হাসে মাটির গর্ভে? কে এই ভূমিসুতা? ভূমিজা?

↑