Skip to main content

আগুন


বুকের ভিতর যে আগুন
          তা নিভতে দিও না
দেখেছি যে ভিতরে পোড়ে
         সে বাইরে পোড়ে না

রূপ


আমার দুঃখগুলো কান্নাগুলো জমিয়ে
তোমার একটা রূপ গড়েছি
এখন সে রূপেই আমার সুখ

অঞ্জলি


আমি তোমারই প্রতিধ্বনি
তোমার দানই দিই ফিরে তোমায়
সেই আমার অঞ্জলি

ভরসা

সন্ন্যাসী একটা বড় তালা মঠের দরজায় আটকালেন
দু'বার টেনে দেখলেন, আশ্বস্ত হলেন

তিনি ভগবানে বিশ্বাস করেন
মানুষের দেবত্বে বিশ্বাস করেন

তালাতে ভরসা রাখেন

ফাঁকি

ভেবেছিলাম ফাঁকি দিয়ে নেব
পেয়েছিলামও হাতে


কে নিয়ে গেল ফাঁকি দিয়ে?
আমি আবার শূন্যহাতে

অরূপ


রূপ নেই, অস্তিত্ব আছে
বাঁধন নেই, প্রেম আছে
তাপ নেই, জ্যোতি আছে
দাবী নেই, প্রকাশ আছে

ভুল কথা

একটা মাছ জলে ডুবে মরেছিল
একটা মাকড়সা জালে আটকে মরেছিল
একটা মৌমাছি মৌচাকে আটকে মরেছিল
ভুল কথা
একটা মানুষ সংসারে আটকে মরেছিল
ঠিক কথা

স্পর্শ

কেউই হাত বাড়ায় না
বাড়ায় কেবল শর্ত

শর্ত না চাই
চাই হাতের সরল স্পর্শ

ভেংচী

যার কাছে ভালবাসা চেয়েছিল মানুষটা
সে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছিল

যার কাছে একটা চুম্বন আর একটা গোলাপ চেয়েছিল
সে আন্তরিক ধন্যবাদ জানিয়েছিল

এখন আর 'ধন্যবাদ' আর 'কৃতজ্ঞতা' শব্দদুটো সহ্য করতে পারে না লোকটা
শব্দদুটো বড্ড ভেঙ্গায় তাকে

তারা


যারা বিয়ের দিন অনেক সেজেগুজে হইহুল্লোড় করে গেল
তারা ডিভোর্সের দিন আসতে পারেনি
কারণ সেদিন তাদের আরেকটা বিয়ে বাড়ি ছিল

Subscribe to উপপত্র