Skip to main content

সব কিছু

সব কিছু সহজ হবে ভেবেছিলাম
সব কিছু সহজ হোক চেয়েছিলাম

নিজের দিকে তাকাতে গিয়ে 
                  মুখ ঢাকলাম

সময়

সময় ডেকে নিয়ে গেল -
          একা

ঠিকানা জানা নেই

চোখ মেলে বসে আছি, 
যদি কোনো ফিরতি নায়ে মেলে দেখা


(ছবিঃ সমীরন নন্দী) 

মৃত্যু নতুন কিছু বলে না

মৃত্যু নতুন কিছু বলে না
সব নতুনকে ঢাকে পুরোনো মোড়কে 
মৃত্যুতে আত্মীয় তো সবাই
সব রাস্তারা অসম্পূর্ণ
          নিত্যঘোর ভাঙে অচেনা চমকে

অসীমকে ভালোবেসে

তুমি অসীমকে ছুঁয়ে ফিরে এসো
    আমি আছি সীমানার আশেপাশে
তোমায় নিয়ে বাঁধব ঘর
     তোমার চোখের সীমায় 
           অসীমকে ভালোবেসে

তুমি আমি

তুমি দরজা হয়ে ছিলে, 
আমি তোমায় দরজার বাইরে খুঁজেছিলাম

তুমি পথ হয়ে ছিলে
আমি তোমায় পথের প্রান্তে চেয়েছিলাম

তুমি প্রেম হয়ে ছিলে
আমি তোমায় শর্তের বাঁধনে বেঁধেছিলাম

সংশয়

বারণ তো কেউ শোনে না
   না নিয়তি
       না ঝড়

প্রেমকে ফানুস করে

প্রেমকে ফানুস করে আকাশে উড়িয়ে শান্তিতে আছি
পোড়ালে পোড়াক আকাশ
   পুড়ে মরুক নিজে

আমার ঘরদোরে আগুন না লাগালেই বাঁচি

   অথচ চোখে সকালের আলো নেই কেন?

তোমার সারা হাতে কাদা কেন?
 পায়ে এত ধুলো?
  হাঁটতে বেরিয়েছিলে? এত সকালে?
   ধুলো কাদা মেখে এলে-
   অথচ চোখে সকালের আলো নেই কেন?

ছেলেটা

ছেলেটাকে আমি চিনতাম।

ও একটা সামাজিক ভালোবাসা চেয়েছিল।

পায় নি। ছেলেটা সমকামী ছিল।

এখন শুনেছি অন্ধকার গলিতে দাঁড়ায়।

অসামাজিক প্রেমই ওকে ডেকে নিল।

Subscribe to উপপত্র