Skip to main content

এত সাজসজ্জা

এত সাজসজ্জা
এত নির্ভুল উচ্চারণ
এত নিখুঁত পদক্ষেপ
হাসি পায়
কবরের উপর এত নক্সা কেন?

মানুষ শুধু শরীরে

মানুষ শুধু শরীরে আহত হয় না
দেশ শুধু আহ্নিকগতিতে অন্ধকার হয় না
মৃত মানুষে শুধু কবর শ্মশান হয় না
সময়ের কয়েকটা ছেঁড়া পাতা
             অকারণ হারিয়ে যায় না

এমন নয়


এমন নয়
তবে?
জানি না। তবে এমন নয়।
চেনা?
না, তবে অচেনাও তো নয়
তবে কেমন?
জানি না। তবে এমন তো নয়!
 

শোধন

সমস্ত অন্ধকার লুকিয়ে
সূর্যোদয়ের বিপরীতে হাঁটছিলাম

ভোরের শিশিরে পা পিছলালো
  সূর্যাস্তের পোড়া ইটের রঙে
    সূর্যোদয়ের কান্না কাঁদলাম

শান্তি

বললাম, শান্তি
ঘুমিয়ে পড়লে
বললাম, শান্তি
চোখে ঠুলি পরলে
অথচ একবারও দুটো বিরুদ্ধ স্রোতের মাঝে
পাটাতনটা খুঁজে দেখলে না

তত্ত্বকথা


বুকের মধ্যে পায়েস ভরতি কাঁসার বাটি
তর্জনী ডুবিয়ে বসে

অন্ধকার ঘরে পোড়া সলতের গন্ধ


অন্ধকার ঘরে পোড়া সলতের গন্ধ

ধীরে ধীরে ঠাণ্ডা হয়ে আসা প্রদীপের বুক

শিউলির হাতছানিতে স্মৃতির ব্যথার অভিসার

পূর্ব আকাশে খোলা জানলার

      প্রাগৈতিহাসিক প্রতীক্ষা

ফুরিয়ে যাওয়া কথার দলদল


প্রতিদিন সব কিছু গুছিয়ে রাখার পরও 
   যেটুকু অগোছালো থাকে -
       সেটুকুই 
শুধু সেটুকুই কালকের সম্বল
বাকি তো সব গুছিয়ে রাখা
ফুরিয়ে যাওয়া কথার দলদল

সুখী হতে তো চাইনি

সুখী হতে তো চাইনি

শিউলির গায়ে 
   যেখানে সাদার বুকে কমলা মিশেছে
                অসংকোচে

সেখানে একটু দাঁড়াতে চেয়েছি

দেওয়ালের রঙের আলোচনা হল


দেওয়ালের রঙের আলোচনা হল
দরজার কাঠ, 
  বাড়ির সম্ভাব্য আসবাব, সাজসরঞ্জাম 
        সে নিয়েও কথা হল

বাকি শুধু ভিতের আলোচনাটা
     কতটা গভীর, কতটা পোক্ত হবে?
   সে আলোচনা আজও হচ্ছে-হবেই রইল

Subscribe to উপপত্র