চলেছি
উড়ে চলেছি
ভেসে চলেছি
খুঁড়িয়ে চলেছি
হেঁচড়ে চলেছি
জেগে চলেছি
ঘুমিয়ে চলেছি
পিছনে চলেছি
সামনে চলেছি
উপরে চলেছি
নীচে চলেছি
ভুলে চলেছি
ঠিকে চলেছি
পাপে চলেছি
পূণ্যে চলেছি
আলোতে চলেছি
আঁধারে চলেছি
একা চলেছি
দোকা চলেছি
অনেকে চলেছি
আশঙ্কা
গোলাপকে দেখে মুগ্ধ হয়েছি
গোলাপ বোঝেনি কোনোদিন।
রামধনুর রঙ চোখ জুড়িয়েছে
মনে মনে বলেছি, বাহ্।
সে শোনেনি কখনো সেভাবে।
নীলাকাশের বুকে চাঁদের শোভা-
এও তো যুগান্তরের মাধুর্য্য
আত্মভোলা আবেগে বলেছি, উফ্
চাঁদ, আকাশ ফিরেও তাকায়নি।
তুমিও কি ওদের মতই হবে?
অবিশ্বাসী
মড়া হাড়ে মালা পরাতে গেলে
মালার ফুলগুলো আর্তনাদ করে ওঠে-
আমরা মরিনি...মরিনি..মরিনি..
তবু পরাতেই হয় মালা
জোর করে মড়ার হাড়ে
সতেজ ফুলের মালা
এটাই তো কৃষ্টি
সতেজকে মারো
মৃতকে করো হিমালয়
যাতে কেউ চড়তে না পারে
উঠতে গেলে, নামাও পা-ধরে
"যত্তসব অবিশ্বাসীর দল"!
সে
সে, একটা ছোট বালির কণা হতে পারে
কিম্বা হিমালয়ের চূড়া
একটা গোলাপ
কিম্বা একজন কাছের মানুষ।
সে ইঙ্গিত হতে পারে
অথবা নির্দেশ
পথ হতে পারে বা সাগর
দুঃখ হতে পারে সুখও
আনন্দের জ্যোতিতে আলো।
সে আরো অনেক কিছু হতে পারে
শুধু আমি চাইলেই
আমি চাইব কবে?
ফিরব
তোমার হাত ছাড়িয়ে ছুটলাম
কৌশলে।
সেকি ছুট!
সেকি দৌড়!
সেকি উদভ্রান্ততা!
সময়
বউটার বিষম ব্যামো।
ডাক্তার বললে, কঠিন রোগ
তান্ত্রিক বললে, মা ক্ষেপেছে
জ্যোতিষী বললে, শনি এয়েচে
বন্ধু বললে, হুম বিপদ দেখি
শত্রু বললে, বেশ হয়েছে
স্বামী তাকালো রাতের আকাশে
মন বললে, সময় হয়েছে।
স্বীকারোক্তি
আমার হাঁটতে
শুধু দুটো পা না,
মাটিও লাগে
আমার কাজে
শুধু দুটো হাত না,
সংসারকেও লাগে
আমার শ্বাসে
শুধু ফুসফুস আর নাক না,
বাতাসও লাগে
আমার দেখতে
শুধু দুটো চোখ না,
আলোও লাগে
আমার বাঁচতে,
শুধু হৃৎপিণ্ড আর রক্ত না,
তোমাকেও লাগে
অপরিচিত
কিছু অনুভবের নাম দিও না
ঠিকানা চেয়ো না
জানতে চেয়ো না কি রঙ তার গালে
পড়তে চেয়ো না তার চোখের অবুঝ ভাষা
শুধু বুক পেতে দাও নরম ঘাসের মত
সে ফিরুক হেঁটে চলে
বসুক নির্জনে,
একটা বকুলগাছ লাগিও না হয়
মাঠের একটা কোণে, ওর জন্য।
সামিয়ানা
নিজের খেয়ালের সামিয়ানা টাঙিয়ে
ওই যে ছেলেটা শুয়ে
আমিও ওর সাথেই ছিলাম
ওরই পাশে, ওর হাতেতে হাত রেখে।
ওর কোঁচড়ে এখনো আঁটির ভেঁপু?
এখনো ও মেঘেতে গল্প দেখে?
দিঘীর জলে টুপ করে কি পড়ে -
এখনো সে বুঝি অবাক হয়ে খোঁজে?
আমার ওর আজ বিস্তর ব্যবধান
তবু যেন সামিয়ানাটা ঘিরে
রাতের আকাশ এখনো ভিড় করে
কালের গতির উলটো স্রোতে ফিরে
তোমায় ছোঁব বলে
তোমায় ছোঁব বলে
অনেকটা পথ এলাম।
'উদভ্রান্ত' বললে কেউ
সচকিতে ভাবি,
'তবে কি হারিয়ে গেলাম'?
হয় নি তা -
এখন বুঝি,
আমি ছোঁয়ার বহু জন্ম আগে
তোমার ছোঁয়া ছুঁয়ে গেছে আমায়!