Skip to main content

মরণ


ভ্রমর বাতাসকে বলল, তুমি ভারী বুদ্ধু।
বাতাস বলল, কেন? 
ভ্রমর বলল, সারাদিন থাকো ফুলের আশেপাশে, তবু চাও না একবিন্দু মধু। 
বাতাস হাসল। ভ্রমর বলল, হাসলে যে! লুকালে বুঝি কিছু? 
বাতাস বলল, না তো। 
ভ্রমর বললে, বলো তবে কি পাও?
বাতাস বলল, ওর গন্ধ।
ভ্রমর ফুলকে বলল, আর তুমি কি পাও?
ফুল বলল, ওর স্পর্শ।

বাগান


সব বাগানের দরজায় তালা থাকে না
এমনকি সব বাগান পাঁচিলে ঘেরাও না

কিছু কিছু বাগান এমন আছে -
যেখানে ঘেঁটু ফুল সেজে 
    পারিজাত ফোটে গাছে

গেছি সে বাগানে বারেবারে সব ভুলে
মালির দু'হাত সুরভিত নানা ফুলে
সে বিনা দ্বিধায় দিতে পারে সব ফুল
    তেমন তোমার নেওয়ার সাজি হলে

তোমার সাথে বারোমাস


দিনরাত সব পুড়ছে
ছাদেতে না ঘুমানো রাত
আকাশে তারারা প্রতিবেশী
       তুমি উদাসী উন্মুখ
আমার উদাস আত্মসুখ

বাইরে ঘন বর্ষা
অনালোক ঘরবার
আমার হাত-বালিশের উপর
       তোমার ঘুমন্ত মুখ
আমার অতল আত্মসুখ

তুমিও তাই বলবে?


যে রাস্তাটা অর্ধেক হেঁটে ফিরে গিয়েছিলে
আমি এখনো ঠিক সেখানেই দাঁড়িয়ে

দেখতে দেখতে কত কি পাল্টে গেল
কত কেউ এলো গেলো
আমি এক বিন্দুও নড়িনি
                      দেখো

সাধ


বয়স্ক মানুষটার চোখ বোজার সময় এল
ছুটে গিয়ে দু'পা জড়িয়ে বললাম -
ওগো একটু দাঁড়াও। পুরোপুরি চোখ বোজার আগে বলে যাও, কি পেলে, কি বুঝলে এতবড় জীবনটায় বেঁচে?

সে হাসল। চোখের জল গাল গড়িয়ে পড়ল বালিশে।

সে বলল, পেলাম জীবন -
এক সমুদ্দুর দুঃখ, তাতে কয়েক ডিঙি সুখ

আশীর্বাদ


অসময় অসময়ে এসে কড়া নাড়ল
                      সময়ের দরজায়
গিঁট বাঁধা হল না
     পুঁথিগুলো ছড়িয়ে পড়ল মেঝেয়

ভ্রমর


আমি তোমায় পেয়েছি
মুঠোতে নয়, তোমাতে ডুবে
এখন না পারো হারাতে তুমি
               না পারি আমি
আমায় হারালো ওরা
আমি হারালাম ওদের
ওদের ছিল সংশয়
ওরা বলেছিল-
নেই মধু, এ শুধু ফুলের রঙীন, মিথ্যা সাজসজ্জা। যেও না!

রাস


বাঁশি বললে, এসো
আত্মা বললে, আসছি

বুদ্ধি বললে, যেও না, না হও ব্যভিচারী
হৃদয় বললে, মরণ যেখানে দোসর সেখানে ব্যাভিচার?

সমাজ বললে, আমি মিথ্যা তবে?
ব্যাকুলতা বললে, কই তুমি?

স্বামী এসে বললে, দাঁড়াও আমি আছি!
শরীর বললে, পথ ছাড় মূর্খ, ও যাক, আমি না গেলেও ও যাবে।

চাঁদ বললে, তৈরী?
প্রসাধন বললে, হ্যাঁ

তুমি মানে


তুমি মানে 
একফালি অপেক্ষায় এ ঘর ও ঘর করা
তুমি মানে 
একঝলক সুখের বুকে হঠাৎ ঝাঁপিয়ে পড়া
তুমি মানে 
বেশ কয়েক ঘন্টা এক লহমায় ফুরিয়ে ফেলা
তুমি মানে 
তুমি ফিরে গেলে, তোমাতে আমায় ঘেরার পালা
তুমি মানে 
এক আকাশ শূন্যতাকে সুরে ঢাকার চেষ্টা
তুমি মানে 
তোমার তুমিতে আমার আমির তেষ্টা

সত্যের গায়ে জমে না মেদ


যেখানে নাকি অনেক নীতি, উচ্চাদর্শ
            মহাপুরুষের গুষ্ঠিবাস
      তারও নীচে জমছে ক্লেদ

তাদের কাছে যাচ্ছে যারা সরল মনে
            ঠকছে তারা
      এসব দেখে দেখে জমছে খেদ

Subscribe to কবিতা