Skip to main content

প্রণাম

প্রতিদিন সকালে একটা করে ফুল নিও
  সে বেদীতলে রেখে এসো
যেখানে ভোরের সূর্য তার প্রথম প্রণাম নিয়ে আসে
  তোমার প্রণাম অক্ষয় হবে
   সে চরণের ধূলোর সাথে।
পশ্চিমের সূর্য তোমায় ডেকে নেবে
 সে ধূলার স্পর্শের আলিঙ্গনে।

  তুমি সার্থক হবে
  সার্থক হবে তোমার প্রথম চোখ মেলার ক্ষণ।

আশ্রয়

আমার আশ্রয় কাঁচা অথবা পাকা বাড়ি নয়
  যে ভূমিকম্পে বা বন্যায় ধ্বংস হবে

আমার আশ্রয় অর্থ, মণি- মাণিক্য নয়
 যে চোর ডাকাতে নিয়ে যাবে

আমার আশ্রয় পাণ্ডিত্যের শংসাপত্র নয়
 যে তা হারালে আমার সর্বস্ব যাবে

আমার আশ্রয় আমার ওপর তোমার বিশ্বাস
   বারবার ভেঙে পড়লেও
      যা ফিরিয়ে দিয়েছে তোমার চোখ

অহংকার

তোমার তুমি
   খানিকটা বিধাতার সৃষ্টি

অপেক্ষা

হাট ভেঙে গেছে কখন
   আমি ফিরতে পারলাম না

সতর্ক

আমার অসতর্ক হাতে লেগেছিল
    তোমার আনমনা হাতের ছোঁয়া

আমার অচেতনে লাগল টান
        তোমারও

তুমি থমকালে। আমি দাঁড়ালাম।
আমি নীড় পেলাম। তুমি পেলে খুঁটি।
আমি ভরসা পেলাম। তুমি পেলে ছুটি।

সমর্পণ

মাঝে মাঝে ভয় হয়
খুব ভয় হয়

আকুল

আসমুদ্রহিমাচল বুকে নিয়ে বসে আছি
   তুমি আসবে বলে

নন্দিনী

কি অশান্ত হৃদয়কে বুকে করে বেড়িয়েছ এতদিন?
অবাধ্য জল ঘাটের কিনারায় মাথাকুটে মরে
                 পাড়ে উঠবে বলে
গঙ্গার পাড়ে দাঁড়িয়ে দেখেছি অজস্রবার
        পা ভিজিয়েছি সেই অবাধ্য জলে

মাঝপথে

পাল তুলেছিলাম পৌঁছাব বলে
পৌঁছালাম কই?

শিখা

প্রদীপের সলতে এগিয়েছি সারারাত
       শিখাটাকে জ্বালিয়ে রাখব বলে
  যেন প্রদীপের বুক না জ্বলে

শিখা এগোতে এগোতে
      কখন আমার আঙুলে ধরেছে আগুন

আঙুল থেকে শিখা এসেছে সারা শরীরে

পুড়ুক পুড়ুক। আগুনের ভুল ভাঙিয়ো না।

   তবু প্রদীপের বুকটা বাঁচুক

Subscribe to কবিতা