Skip to main content

 

009.jpg

 

অনেক রাতে এসেছিল। অনেক রাতে। কলিংবেলের সুইচে হাত দেয়নি। শুধু দরজার কাছে এসে দাঁড়িয়েছিল। একা। সে ছিল নিষ্ঠুরের মত একা। তার আসার শব্দে আমার ঘুম ভেঙে গেল। অন্ধকারে বাইরের দরজার কাছে দাঁড়ালাম। দরজার ওদিকে ও। এদিকে আমি। দুজনেই একা। ভীষণ নিষ্ঠুরের মত একা। দরজার কাঁচ অপরিষ্কার। এতদিন সে নিয়ে কোনো অভিযোগ ছিল না। আজও অভিযোগ নেই। অসুবিধা হল শুধু স্পষ্ট দেখতে তাকে। সে হাত রাখল দরজার কাঁচের উপর ওপার থেকে। আমি তার হাতের উপর হাত রাখলাম। মাঝে থেকে গেল কাঁচের ব্যবধান। এপার ওপারের ব্যবধান। আমার পাঁজরে জন্মানো পাকা ফোঁড়ার টনটনে যন্ত্রণা। যন্ত্রণায় কুঁচকে যাওয়া মুখের উপর ওর দৃষ্টি স্থির। ওর চোখের কোল বেয়ে পড়ল জল। শূন্য আকাশের মায়াবী যন্ত্রণা - বৃষ্টির জল। কুকুর ডেকে উঠল কোনো পাড়ায় কোথাও। আমি জিজ্ঞাসা করলাম, কেমন আছিস? সে হাসল। বলল, আছি। তুই কেমন আছিস? আমি বললাম, এই তো আছি। অপরিষ্কার কাঁচ, ঝাপসা হল ফোঁপানো বাষ্পে। তার হাত সরিয়ে নিল। আমিও সরিয়ে নিলাম। সে বলল, ভোর হচ্ছে। আমি আসব আবার অন্য কোনো রাতে। একা।

ভোর হল। বেলা গড়ালো। তার আসার রাস্তা দিয়ে অনেক পরিচিতের মত অপরিচিতের ভিড়। নিজেকে নানা পরিচয়ে অপরিচিত করে তুলতে তুলতে ক্লান্ত। রাতের পর রাত গেল। সে এলো না। অপরিষ্কার কাঁচ শূন্য ডাকবাক্সের মত চুপ। তার অতীতের কত কথা আমার জন্য আদর ডেকে আনল। তার অতীতের অভিমান আমার জন্য কান্না জমিয়ে আনল। তার অতীতের যাবতীয় যা কিছু আমার শ্বাসপ্রশ্বাসে হলুদ পাতার স্মরণিকা লিখে ডাকল। আমার প্রদীপ জ্বালা হল না উৎসবে। আমার পুষ্পাঞ্জলির ফুল বাগানে পড়ে শুকিয়ে গেল। ডালায় সাজানো হল না। দেবতা আমাকে বহুকাল হল ছেড়েছে। তাকে ফিরে পাওয়ার কোনো সাধনা আমার নেই। সে এসে একদিন বলেছিল, শূন্য কেন দেবতার মন্দির? বলেছিলাম, সত্যকে সত্য বলে ডেকেছিলাম বলে, সে অভিমানে ফিরে গেছে। সে হেসেছিল। বলেছিল, ব্যথা লাগেনি? বলেছিলাম, এত ব্যথায় হারিয়ে গেছে সে ব্যথা কখন, টের পায়নি।

সে আসবে। আমার জন্য আসবে। তার নিজের জন্য আসবে। ঝাপসা কাঁচের সামনে সবাই দাঁড়ায় একদিন। ওপার থেকে সবার একজন কাছের মানুষ আসে। নাড়ির টানে মাটির টানের গন্ধ আসে - প্রথম বৃষ্টির মত। সবার বুকের মধ্যে একটা না খোলা খাম থাকে। সেই খামের জন্য কেটে যায় গোটা একটা জীবন। সে খামের সঙ্গে তার কী যেন একটা যোগ। নিবিড় যোগ।

↑