যে কোনো মুহুর্তে
যে কোনো মুহুর্তে যা কিছু হয়ে যেতে পারে
যেতেই পারে
এক নিমেষেই এত নিবিড়ভাবে থাকা
না থাকা হয়ে যেতে পারে
সব দিয়ে শেষ ধরা দিলে
তবে নাও ফিরিয়ে
কেউ ফেরেনি
কেউ ছুটে যায়নি অবাধ্য হয়ে
ধুলো থেকে গ্রহপুঞ্জ
প্রতিটা ফুল স্ববৃন্তে - সার্থক
শুধু আমি রইলাম অবাধ্য হয়ে
অসন্তোষে, অভিযোগে
যা কিছু ছুঁই, যেদিকে যাই
সব কিছুই যেন- অকারণ অনর্থক
শুভ নববর্ষ
অনুরাগ
মুখ্যু ঢেকি
খুঁজবি কেন শূন্যে বসে?
কল্পনারই অঙ্ক কষে!
আছের মধ্যে দেখ দেখি
যে আছে তারে চিনিস নাকি?
তার ফাঁকিতে পড়েছে সবাই
চোখ বেঁধে নাচ ধিতাই ধিতাই
চুরি
তুমি যাওয়ার পর
তন্নতন্ন খুঁজলাম সারা ঘর
কি খুঁজলাম?
কি আবার,
রাতের ঘুম আমার!
নিয়ে গেছো তাতে ক্ষতি নেই
বলে যাবে তো একবার!
সীমা মানে
সীমা মানে লক্ষণরেখা না তো!
সীমা মানে নিজের বুক ভরে
নিজের মত বাতাস নিতে পারা
সীমা মানে পাথর তোলা পাঁচিল না তো!
সীমা মানে দু'চোখ ভরে
আমার মত আকাশ দেখতে পারা
সীমা মানে শিকল না তো!
সীমা মানে জীবনকে আমার
সুখে দুঃখে কোলে তুলে নিয়ে হাঁটা
ছল
তুমি দূরে থাকলে
নিজের চোখকে এড়িয়ে যাই
ওর সব প্রশ্নের উত্তর আমি কি ছাই জানি!
তাই বুকের উপর ঢাকনা টেনে পাড়া বেড়াতে যাই
কিছু কথা মনে করেই ভুলতে হয়,
তা নিয়ম করে মানি!
অপরাজিতার খোঁজে
আসল যেন উজান ঠেলে
তার পায়ে লাগল বালি
সারা গায়ে মাখল ধুলো
এসে বসল হাটের এক পাশে
সবার মধ্যেই, সবার অলক্ষ্যে