sumanasya
5 June 2026
তুমি কি ভেবেছ, পিষে যাবে? ছিন্নবিচ্ছিন্ন করে দেবে আমাকে? যন্ত্রণায় যন্ত্রণায়?
তুমি জানো না, আমার একটা হৃদয় আছে? তুমি জানো না সে হৃদয়ে এক জোড়া চোখ আছে? তুমি জানো না সে চোখের কাজল পেতেছে আমার সব শোক দুঃখ তাপের শিখা?
ভয় নেই। সে চোখের উপর চোখ রেখে ওঠে চন্দ্র সূর্য। সে চোখের উপর চোখ রেখে ঘোরে জন্মমৃত্যু। আমার সব শিক্ষা অর্থহীন হয় সে চোখের আঙিনায় এসে। আমার সব শিক্ষা সার্থক হয় সে চোখের ছায়াতলে বসে।
শান্ত। সমাহিত। স্তব্ধ। সে চোখের উপর বয়ে চলা করুণার লব মাত্র কণায় ধন্য হয় এ সংসার। তুমি, বিভীষিকার ছায়ামাত্র। সে চোখে পড়লে চোখ, যাবে মিলিয়ে। ছায়াতে যারা ভোলে তারা ভুলুক। আমি সব হারিয়েছি যে চোখের নেশায়, তার পায়ের শব্দে বুক কেঁপে উঠবে তোমার। আমার টুটবে শুধু ভ্রম। তোমার তো সবটুকু অস্তিত্ব হবে ছিন্নভিন্ন।