"একটু গীতা, একটু ভাগবত, একটু বেদান্ত পড়ে লোকে মনে করে, আমি সব বুঝে ফেলেছি। চিনির পাহাড়ে একটা পিঁপড়ে গিছল। একদানা চিনি খেয়ে তার পেটে ভরে গেল। আর-একদানা মুখে করে বাসায় নিয়ে যাচ্ছে। যাবার সময় ভাবছে, এবারে এসে পাহাড়টা নিয়ে যাব!"
ইন্টেলেকচ্যুয়াল হিউমিলিটি আর তৃণাদপী সুনিচেনর নম্রতা এক জিনিস না। আমি অতি দীনহীন, কিন্তু আমি যা বুঝেছি সেটা একদম অভ্রান্ত সত্য, তার বাইরে কথা বললে মুখে নুড়ো জ্বেলে দেব, এমন ভাব আজকাল সোশ্যালমিডিয়া জুড়ে। এক শ্রেণী নতুন করে মাথা চাড়া দিয়েছে, তারা নিজেদের আসল সনাতনী, খাঁটি সনাতনী হিসাবে প্রচার করছে, তাদের আক্রমণের লক্ষ্য হয়েছেন শ্রীরামকৃষ্ণ আর বিবেকানন্দ। তাদের ছবি বিকৃত করে, তাদের আদর্শকে অপব্যখ্যা করে প্রমাণ করতে চাইছেন শ্রীরামকৃষ্ণ আর বিবেকানন্দ নাকি হিন্দুধর্মের জন্য ক্ষতিকর। এরকম একটা দিন দেখতে হবে আশা করিনি অনেক আগে, কিন্তু বিগত দু এক বছর বঙ্গের ভাবধারা যেদিকে গড়াচ্ছিল তাতে এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। ইসকনের সন্ন্যাসীর বিবেকানন্দকে নিয়ে কটুক্তি, ইসকনের প্রতিষ্ঠাতা প্রভুপাদের শ্রীরামকৃষ্ণর প্রতি অমর্যাদাসম্পন্ন উক্তি এ সবের সাক্ষ্যবহন করেই। এ চলবেই। ধর্ম যখন আচারবিচারের সমার্থক শব্দ হয়ে দাঁড়ায়, অর্থাৎ বাহ্য অঙ্গটাই মূল হয়ে দাঁড়ায় তখন বুঝতে হবে খাওয়া-পরা, বসনভূষণ ইত্যাদির বাইরে তাদের বোধ অবোধ।
কিন্তু তাদের নিয়ে আলোচনা করতে লেখার সময় নেই। তাদের উল্লেখ করলাম মাত্র। আমার আলোচনার বিষয় তৃণাদপি সুনীচেন আর ইন্টেলেকচ্যুয়াল হিউমিলিটির বিষয়ে। ধর্মের জগতে নম্রতা একটা গুরুত্বপূর্ণ সাধন। এমনকি বিদ্যা মানুষকে বিনয় দান করে এমন একটা কথাও প্রবাদ হিসাবে প্রচলিত যার বাস্তবিক উদাহরণ পাওয়া ভার হলেও।
নিজেকে ঈশ্বরের সামনে, ভক্তের সামনে, নিজের সম্প্রদায়ের সামনে দীনহীন অনুভব করা এক, আর নিজের বোধবুদ্ধি, উপলব্ধি, জ্ঞানের সীমাবদ্ধতাকে অনুভব করা আরেক। দ্বিতীয়টা বেশি কঠিন। কারণ এর মূল অনেক গভীর অবধি। দৈনন্দিন ব্যবহারে নম্রতার সাধন সব ধর্মের মত শ্রীরামকৃষ্ণের কথাতেও আছে "থাক শালা আমি দাস হয়ে" ইত্যাদি ইত্যাদি। কিন্তু নিজের ধারণা, বোঝা, মত, উপলব্ধিরও যে একটা সীমানা আছে, ভ্রান্ত হওয়ার সম্ভাবনা আছে এ শিক্ষা শ্রীরামকৃষ্ণের উচ্চারণে আমার ভীষণ নতুন বলে মনে হয়। নিজের উপদেশের পর “ন্যাজামুড়ো বাদ দিয়ে” নেওয়ার স্বাধীনতাও তিনি দিতে কুণ্ঠিত নন। গুরু, কর্তা, বাবা কোনোটাই তিনি সজ্ঞানে হতে চাইছেন না। হচ্ছেনও না।
আজকের এই প্রবল বুদ্ধিবৃত্তির চর্চার দিনে, এই কথাগুলো রক্ষাকবচ। বাহ্যিকভাবে ঘন ঘন প্রণত না হলেও চলবে। শ্রীরামকৃষ্ণ বলছেন, প্রণাম মানসেই ভালো। কিন্তু বোধের মধ্যে এইটুকু অন্তর্বোধ শ্রীরামকৃষ্ণ জাগিয়ে রাখতে বলছেন যে আমার জ্ঞানের, বিশ্বাসের, অনুভবের, বোঝার একটা সীমাবদ্ধতা আছেই। এখন প্রশ্ন হল, বোধের এই অন্তর্বোধ মানুষকে কী দেয়? আবার শ্রীরামকৃষ্ণের উপদেশেই আসি, চরৈবেতি, আরো এগিয়ে যাও। সেই কাঠুরিয়ার গল্প। "ঠাকুর বলিতেছেন, ঈশ্বরের দিকে এগিয়ে পড়, নিজের বর্তমান অবস্থায় সন্তুষ্ট হয়ে থেকো না। ব্রহ্মচারী কাঠুরিয়াকে বলিয়াছিল, এগিয়ে পড়। কাঠুরিয়া এগিয়ে ক্রমে ক্রমে দেখে, চন্দনগাছের বন; আবার কিছুদিন পরে এগিয়ে দেখে, রূপার খনি; আবার এগিয়ে দেখে, সোনার খনি; শেষে দেখে হীরা মাণিক! তাই ঠাকুর বারবার বলিতেছেন, এগিয়ে পড় এগিয়ে পড়। "
এ ছাড়া আরেকটা দিক যা শ্রীরামকৃষ্ণের শিক্ষাতে ভীষণ নতুন বলে আমার মনে হয়, প্লুরালিজমের আদর্শ একই আদর্শের মধ্যে। শ্রীরামকৃষ্ণের মা কালী শুধুমাত্র শাক্তের কালী হয়ে থাকলেন না। না তো হিন্দুধর্মের মূলগত সত্য, বা দর্শনের ভাষায় অন্টোলজিক্যাল ট্রুথ ব্রহ্ম হয়েও থাকলেন। তিনিই হলেন খ্রীশ্চানের খ্রীষ্ট, ইসলামের আল্লা, বৌদ্ধের শূন্যতার দ্রষ্টা। তিনিই সব হলেন। বাহ্যিক জীবনেও সব মা হলেন। এমনকি ধ্যানের মধ্যে সমাজের ব্রাত্য রমণীও মায়ের রূপ ধরে এসে দাঁড়ালেন শ্রীরামকৃষ্ণের ধ্যানে। তিনি বিহ্বল হয়ে বলছেন মা তুই এই রূপেও আছিস? শ্রীরামকৃষ্ণের এই বোধ আধুনিক শিক্ষার সাম্যের বৌদ্ধিক সিদ্ধান্ত না। অনুভবের একান্ত সিদ্ধান্ত। আরো ভালো ভাবে বললে দর্শন।
আর ঠিক এইখান থেকেই গেঁড়িগুগলিদের সমস্যা হতে শুরু করল। শ্রীরামকৃষ্ণ শুধু তো আমি অতি দীনহীন হতে শেখালেন না, বরং আমি পাপী দীনহীন বেশি বাড়াবাড়ি করলে বিরক্তই হতেন। বলতেন আমি মায়ের নাম করেছি আমার আবার পাপ কী, এই বিশ্বাস নেই কেন? আবার কোথাও যে বর্তমান যুগের মনোবিজ্ঞানের ভাষায় “অ্যাঙ্করিং এফেক্ট” এর ভ্রমে পড়বে তার থেকেই সাবধান করছেন। সেটা কী জিনিস? এ এক ধরণের কগনিটিভ বায়াসনেস, যেখানে আমাদের বুদ্ধি কোনো একটা তথ্যে, কী সিদ্ধান্তে একদম শিকড় গেড়ে বসে যায়। শ্রীরামকৃষ্ণ বলছেন ঈশ্বরের ইতি করা যায় না। কী অসামান্য কথা। কী করে করবে? মহান দার্শনিক কবি খালিল জিবরান বলছেন তোমার জানলা দিয়ে যতটুকু আকাশ দেখা যায় সেটুকুই সম্পূর্ণ আকাশ নয়, এইটুকু মনে রেখো। আরো বলছেন জিবরান, কখনও বোলো না আমি দ্য ট্রুথকে জেনেছি, বড় জোর বলতে পারো আমি কোনো একটা সত্যকে জেনেছি, আ ট্রুথ, বাট নট দ্য ট্রুথ।
শ্রীরামকৃষ্ণ জীবনের শেষ অধ্যায়ে শ্যামপুকুরবাটিতে আছেন, কাশীপুরে আছেন। কিন্তু বলছেন না আজ আমাকে দক্ষিণেশ্বরে মায়ের কাছে নিয়ে চলো, আমি ওনাকে ভীষণ মিস করছি। বলছেন না। সেখানেও ওই রোগের মধ্যে ভক্তদের সঙ্গ করছেন পরমানন্দে। ঈশ্বরীয় প্রসঙ্গ চলছেন রাতদিন। ভালোবাসার বন্যা।
শ্রীরামকৃষ্ণে সব আছে, কারণ সব থাকার দাবী নেই। সক্রেটিস বলছেন আমি এই শহরে সব চাইতে জ্ঞানী কারণ আমিই একমাত্র জানি যে আমি কিছুই জানি না। শ্রীরামকৃষ্ণ একই কথা বহুবার বলছেন। ধর্মীয় গোঁড়ামিকে অস্বীকার করছেন। কারণ সেটা ইন্টেলেকচ্যুয়াল হিউমিলিটিকে স্বীকার করে না। আত্মম্ভরিতা জাগায়। বুদ্ধির শত্রু বুদ্ধি নিজেই হয় যদি না তার মধ্যে অন্তর্বোধ জন্মায়। যে অন্তর্বোধ বুদ্ধির সীমাবদ্ধতাকে সামনে আনবে, বুদ্ধিকে সতর্ক করবে। না হলে মানুষ নিজের বুদ্ধির আঘাতে নিজেই নিজেকে ধ্বংস করে ফেলে। আজ যে ঘটনা চারদিকে ঘটে চলছে। ওভারথিংকিং, অ্যাংজাইটি ইত্যাদি নানা ধরণের মানসিক সমস্যা বুদ্ধির অতি সক্রিতায় অনেক সময় ঘটে চলে, যখন নিজেকে নিজে সংযত করার ক্ষমতা হারায় বুদ্ধি। শ্রীরামকৃষ্ণের সাবধান বাণী তাই পুরো চিনির পাহাড় নিতে যাওয়ার আশা জাগিও না। ওতেই ঘায়েল হবে।
Category
- Log in to post comments
- 1 view