প্রেম ছাড়া জীবন চলে? বেশ চলে। দিব্যি চলে যায়। প্রেম এলে ভালো, না এলেও ভালো। এক জীবনে সব পাওয়া যায় না। কিন্তু প্রেম নিয়ে যত মার্কেটিং হয়েছে তেমন GDP নিয়েও মার্কেটিং হয়নি। কবি থেকে চিত্রপরিচালক, পার্ক থেকে সিনেমাহল, ক্লাসরুম থেকে মন্দির প্রেমিক যুগলের ফিসফিসানি। প্রেমের তো আবার নানা অধ্যায় হয়। কেউ নব অনুরাগে; কেউ ‘যা পেয়েছি তাই সই’ অধ্যায়ে; কেউ ‘হেথা নয় হেথা নয় অন্য কোথা অন্য কোনোখানে’ অধ্যায়ে; কেউ ‘প্রেম না ফাঁস’ অধ্যায়ে, ইত্যাদি ইত্যাদি। দিল্লির লাড্ডুর গল্প। তবে দিল্লির লাড্ডু গল্পটাও অতিকথিত, অতিচর্চিত। অমন হাপিত্যেশ না করেও বেশ বাঁচা যায়।
আমাদের দেশের হাওয়ায় একটা মিথ ভাসে। সেটা হল -- জীবনে প্রেম অত্যাবশ্যক এবং বিরহ থেকে লুতুপুতামির অনুভব জীবনকে পূর্ণ করতে লাগবেই। অবশ্যই সিনেমার একটা বড় কৃতিত্ব এখানে আছেই। কিন্তু চিন্তাটা সেটা নিয়ে না। চিন্তাটা হচ্ছে, এমন একটা মিথকে যদি জীবনের ধ্রুব নিয়ামক ভেবে নেওয়া যায় তবে তার ফলাফল কেমন হয়? একটা কৃত্রিম হতাশ্বাস, অপূর্ণতা বোধ, ফোমোতে জীবন কাটে না?
এখন যাদের জীবনে 'খাঁটি প্রেম' অধ্যায় চলছে, তাদের জন্য অবশ্যই এ লেখা নয়। কিন্তু যেহেতু জীবনের অনেকটা রাস্তা চলে এসেছি, তাই খানিক অভিজ্ঞতা শেয়ার করা।
জীবনে যেটা অবশ্যম্ভাবী, সেটা হল নিজের সঙ্গে নিজের একটা বন্ধুত্ব। প্রেম নয়। মানুষ যা অনুভব করে তার অনেকটাই সে বুদ্ধি দিয়ে বোঝে না। আর যতটা বোঝে তার অনেকটাই সে ভাষা দিয়ে প্রকাশ করতে পারে না। এই হল বাস্তব। কারণ বাড়িতে বাড়িতে তো আর মির্জা গালিব কী কালিদাস নেই। অগত্যা বাইরে আর ভেতরে বিস্তর ব্যবধান থেকেই যায়। জীবন যত পাকে মানুষের তত “আজীবন ঠকে গেলাম, ঠকে গেলাম” বাই ওঠে কেন? এই ফাঁকটুকুর জন্যেই তো। মানুষ নিজেকেই বুঝে উঠতে পারে না আজীবন, সে আবার যায় অন্যকে পুরো বুঝতে। হয়? নিজের মনের ফাঁকেই নিজে গিয়ে পড়ে আর ভাবে বুঝি বিশ্বশুদ্ধ লোক তাকে কেবল ঠকিয়ে গেছে। এ যে কী আহাম্মকি কথা!
নিজের সঙ্গে বন্ধুত্বটা দরকার। ওটা না হলে একদম চলে না। নিজের সীমাবদ্ধতা, নিজের ভাগ্যের ওঠা-পড়া, নিজের অনুভবের আলো-আঁধারি, নিজের চিন্তার জটিলতা, নিজের দিশেহারাবোধ, নিজের উচ্ছ্বাসের মূঢ়তা, নিজের হতাশার দীর্ঘ কালোরাত্রি -- সব বন্ধুর মত সহনশীলতায় মেনে নিতে হয়। নইলে কার কাছে অভিযোগ করবে? কার মোহে নিজেকে ভুলে নিজের থেকে দূরত্ব বাড়িয়ে সান্ত্বনার রাস্তা খুঁজে মরবে? আর সেও বা কদ্দিন? শেষে তো এই ভাঙা বাসাতেই ফিরে আসতে হবে। একাই ফিরতে হবে। তখন নিজের সঙ্গে নিজের বোঝাপড়ার সময় থাকলেও সাহস থাকে না। নিজের ভার নিজে নেওয়ার আত্মবিশ্বাসটুকু হারিয়ে বসেছি নিজেকে এড়িয়ে গিয়ে গিয়ে। নিজের সঙ্গে একা ঘর করতে গেলে মনে হয় যেন একজন বাইরে থেকে কাউকে ডেকে পাশে আনি। সে যেন আমার থেকে আমার মধ্যে আড়াল হয়ে বসে। বেঁচে যাই তবে। কিন্তু এতে করে গোটা ব্যাপারটা আরো অন্ধগলির দিকে হারিয়ে যায়। নিজের সঙ্গে নিজের বোঝাপড়া শুধু না, নিজের সঙ্গে নিজের মোকাবিলা করতেই হবে। নিজেকে নিজের কাছে যদি হারিয়ে ফেলি তবে এই বিশ্ব মহাসাগরে কোথায় আমার গতি হবে? এত অত্যাবশ্যক একটা কাজ, আমরা জীবনের শেষ দিনে ফেলে বাঁচতে চাই। গোটা বিশ্বকে আপন করার উপদেশে কান ঝালাপালা, কিন্তু নিজেই নিজের কাছে থেকে গেলাম অচেনা একজন কেউ।
কিন্তু নিজেকে সম্পূর্ণ কি কেউ জানতে পারে? না, পারে না। নিজের সঙ্গে নিজের কাছাকাছি বাস বুঝিয়ে দেয় নিজেই একজন অপঠিত উপন্যাস নিজের কাছেই। প্রতিদিন নিত্য নতুন অধ্যায়। মানুষের মনকে জানার জন্য যে বিজ্ঞান, সে বিজ্ঞানের দায় থাক মনকে সম্পূর্ণ জানার। কিন্তু আমার কাজ নিজের সঙ্গে একটা সুস্থ স্বাভাবিক বন্ধুত্বের।
তবে কি আমি আত্মকেন্দ্রিক হয়ে পড়ব?
একদম না। নিজের সঙ্গে নিজের সম্পর্ক গড়তে গেলে আগেই যেটা সব চাইতে বড় বাধা হয় সেটা হল নিজের মিথ্যা ইমেজের। যাকে অহমিকা, মিথ্যা আমি ইত্যাদি যা খুশি বলা যায়। তার অনেক নাম। কিন্তু মূল কথাটা হল সে সত্য নয়। সে আমাকে নিয়ে আমার ইচ্ছাপ্রসূত কল্পনামাত্র। আমার ইগো। তাকে যতক্ষণ না সরানো যাচ্ছে ততক্ষণ সে ঘরে ঢোকাই যাবে না। ইগোর হাত ধরে ঘুরতে গেলে এমন একটা মায়াবী রাজ্যে নিজেকে নিয়ে যাব যে মনে হবে আমি যেন কী এক কেউকেটা, অথবা মনে হবে আমার চাইতে হতভাগ্য এ দুনিয়ায় আর কেউ নেই। দুটোই মিথ্যা, দুটোই উৎপাত। ইগোকে আত্মপরিচয় জিজ্ঞাসা করা মানে তাই চোরকে পুলিশের দায়িত্ব দেওয়া চোর ধরার।
আমার সঙ্গে আমার সম্পর্ক যত সহনশীল বন্ধুত্বপূর্ণ হবে তত আমার চারপাশের সঙ্গে আমার সমঝোতা স্বাস্থ্যকর হবে। আমি সম্পর্কে 'বাউন্ডারি' মানে বুঝব। কারণ আমি আমাকে অল্প-বিস্তর বুঝতে শিখেছি। তখন আমার চলার সঙ্গী মানুষটার কাছ থেকে সেলুলয়ডীয় কিম্বা কাল্পনিক কোনো প্রত্যাশা রাখব না। বাস্তববুদ্ধি গুলিয়ে প্রত্যাশা জন্মাবে না আমার তখন। তাই ক্ষোভের মাত্রাও কমবে। আর জীবনে ক্ষোভের মাত্রা কমে গেলে ঈর্ষার মাত্রাও কমে। তখন একটা সম্যক দৃষ্টির দিকে জীবনটা এগোয়। জীবন এগিয়ে যাওয়া মানে তো শুধুই আয়ু ফুরিয়ে যাওয়া নয়। বোধের রঙ পাকা হওয়াও তো তার একটা কাজ। নিজের সঙ্গে নিজের বন্ধুত্বটা তাই চাই-ই। সৎ বন্ধুত্ব। ইগোর সঙ্গে কোনো সমঝোতা না করে, ওর কোনো টোপে পা না দিয়ে।
Category
- Log in to post comments
- 1 view