Skip to main content

 

আমাদের কী দরকার? শিক্ষা। আমাদের কী পরিচয়? আমরা সুশিক্ষিত না ভ্রান্ত-শিক্ষিত। আজকাল অশিক্ষিত থাকা মুশকিল। যদি শিক্ষা শব্দটাকে প্রচলিত অর্থে ধরি। শিক্ষিত হওয়ার জন্য কী দরকার? শিক্ষা প্রতিষ্ঠান, আধুনিক সিলেবাস, আধুনিক সরঞ্জাম আর যোগ্য শিক্ষক। শিক্ষার সব চাইতে বড় বাধা কী? অপশিক্ষা। যেমন ধর্মের ধর্মধ্বজিতা।

শিক্ষাঙ্গন কি ধর্মীয় পরিবেশ মুক্ত হওয়া প্রয়োজন?

না, যদি না কোনো একটি ধর্ম ঠিক আর বাকি ধর্ম ভুল - এই অপশিক্ষার প্রচলন সেখানে থাকে। কলোনিয়াল কালে সাহেবরা ওদের ধর্ম ঠিক আর আমাদের ভুল এমন শিক্ষা দিয়েছিল। রবীন্দ্রনাথ আর গান্ধীর এই নিয়ে তর্ক বিতর্ক হয়েছিল যখন গান্ধী বাচ্চাদের সরকারি স্কুলে যাওয়া নিয়ে আপত্তি করেছিলেন।

তবে ধর্মশিক্ষা শিক্ষাঙ্গনে থাকতে পারে?

শান্তিনিকেতন, রামকৃষ্ণ মিশন পরিচলিত স্কুল এর উদাহরণ। থাকতেই পারে। কিন্তু সেখানে দুটো জিনিস নিশ্চিত করতে হবে। এক, একটা ধর্মকে প্রাধান্য দিতে গিয়ে অন্য ধর্মের নিন্দা যেন না শেখানো হয় বা কোনোভাবে প্ররোচনা দেওয়া হয়। অর্থাৎ ধর্মদ্বেষ যেন তৈরি না হয়। দুই, ধর্মের নামে কোনো কুসংস্কারকে যেন প্রশ্রয় না দেওয়া হয়। মানুষের গভীর সত্তায় শ্রদ্ধা, ভক্তি স্বাভাবিক মানবিক আবেগ। যা তাকে বিস্মিত করে, জীবনের অনেক প্রতিকূল মুহূর্তে সান্ত্বনা দেয়, জীবনের অর্থ তৈরি করতে সাহায্য করে। এগুলো স্বাভাবিক। ধর্মের সঙ্গে শিক্ষার বিরোধ এখানে নেই।

যুক্তিপরায়ণ হতে গেলে কি নাস্তিক হতে হয়? যেহেতু শিক্ষা যুক্তির রাজ্যের জিনিস তাই এই প্রশ্ন।

মানুষের মধ্যে দুটো দিক আছে। এক, যুক্তির দিক। দুই, আবেগের দিক। যুক্তি একজন মানুষকে বুদ্ধিদীপ্ত, বিশ্লেষক, পর্যবেক্ষক ইত্যাদি বানাতে পারে। সু নিয়ন্ত্রিত আবেগ একজন মানুষকে ভালো মানুষ বানাতে পারে। অর্থাৎ প্রজ্ঞাবান বানাতে পারে। যুক্তি প্রজ্ঞাবান করে না। আবেগের নিয়ন্ত্রণ করতে পারে। ধর্ম দীর্ঘদিন সমাজে এই কাজটা করে আসতে চেষ্টা করেছে। ভালো আচরণ করো আর ভালো হও - ধর্মের এর থেকে বড় সংজ্ঞা স্বামী বিবেকানন্দর মত পণ্ডিত, জ্ঞানী, অনুভবী মানুষও দিতে পারেননি। ধর্ম সর্বাঙ্গীন সফল হয়নি। তার সঙ্গে সঙ্গে তার ছদ্মবেশে এমন কিছু জন্মেছে যা ধর্ম না, অপধর্ম।

প্রশ্নটা থেকে গেল। নাস্তিকতার প্রশ্নটা।

এখন কথা হল, ভালো মানুষ হতে গেলে কি ধর্মে বিশ্বাস থাকতেই হবে? উত্তর অবশ্যই, না।

তবে স্কুলে নাস্তিকতার পাঠ দেওয়া যেতে পারে?

একই কথা আগের মত। নাস্তিকতার পাঠ যদি আস্তিকতার প্রতি দ্বেষ সৃষ্টি করা হয়ে থাকে শুধু, তবে সে পাঠ আদতে ভালো না। কারণ আস্তিক বা নাস্তিক দুজনেই নিজের অবস্থান নিয়ে যদি সুদৃঢ় হয়ে যায় শিক্ষার্থীকালেই, তবে তা গোঁড়ামিতে পর্যবসিত হয়। না তো যুক্তির উন্মুক্ততায়, না তো অনুভবের গভীরতায় মুক্তি দেয় তা। তখন সংশয়ী থাকার সময়। অজ্ঞেয় থাকার সময়। নাস্তিকতার দাম্ভিকতা আস্তিকতার সঙ্কীর্ণতার মতই খারাপ। ধর্মের বাহ্যিক কিছু দিক, আচারবিচার, কিছু মিথোলজিক্যাল গল্প ইত্যাদির চুলচেরা বিশ্লেষণ করে, সেগুলোকে হেয় করে, নিজেকে বুদ্ধিমান প্রতিপন্ন করা ছাড়া তখন তার কোনো কাজ থাকে না। সেটাও সমস্যার।

তবে সুশিক্ষা কী? এর উত্তর কিছুটা প্লেটো দিতে পেরেছিলেন। একজন সাহসী, সুবিবেচক, সংযত, ন্যায়পরায়ণ মানুষ সৃষ্টির লক্ষ্যে যে অনুশীলন, সেই সুশিক্ষা। এর জন্যে আস্তিক, নাস্তিক কোনোটারই হওয়ার দরকার নেই। এর জন্যে মানুষের প্রকৃতির উপর সংশয় না থাকলেই হল। একজন দুর্বৃত্তকে যে আমরা শাস্তি দিচ্ছি সে এই বিশ্বাসে যে মানুষের সুবৃত্ত হওয়ার যোগ্যতা স্বাভাবিকভাবেই আছে, সেটিকে সে বিকৃত করে দুরাচারী হয়েছে। এখানে মানুষের শুভ প্রকৃতির উপর আস্থাই আমাদের বিচারের মানদণ্ড। সারা বিশ্বেই তাই। তারও সীমাবদ্ধতা আছে আমরা সেও জানি। তাই সিসিটিভিকেও স্বীকার করি, আবার চলাফেরার স্বাধীনতাও মান্যতা দিই।

আজ তবে আস্তিকদের নাস্তিক মতকে এত ভয় কেন? আসলে রবীন্দ্রনাথ আর রাসেল একসঙ্গে অনেকটা হাঁটতে পারেন, যা তারা হাঁটতেনও, কিন্তু দুর্বল চিত্ত মানুষ পারে না। তাদের সব সময় ভয় তার দুর্বল বিশ্বাসের আশ্রয় এই বুঝি ভেঙে পড়ল। নাস্তিকের যুক্তি আছে। আস্তিকের যুক্তি নেই, তার বিশ্বাসের সারল্য আছে। কিন্তু সেই সারল্য যদি দ্বেষ মিশ্রিত হয় তবে সে যুক্তির কাছেও হারে, সত্য ধর্মের কাছেও হারে। তাই রবীন্দ্রনাথ যখন বলেন ধর্মের আদর্শ হল তার সারল্য, রামকৃষ্ণদেব যখন বলেন সরল বিশ্বাস অনেক জন্ম তপস্যার ফল, ঈশ্বরকে পাওয়ার উপায়, তখন সেটা যুক্তির কথা না, একটা মানবিক আবেগের কথা। সরল আদর্শ কখনো ধর্মকে ধার দিয়ে ধারালো অস্ত্রে পরিণত করে না। শুদ্ধ জল যেমন বিষাক্ত হয় না নিজে থেকেই, যদি না তাতে বিষের উপাদান মেশে। তেমনই ধর্মের সরল আদর্শ বিষাক্ত হয়ে ওঠে যখন বিদ্বেষের রাজনৈতিক বিষ মেশানো হয়। ধর্মের সরল আদর্শ পূর্ণতার জন্য আকুতি। ধর্মধ্বজিতার উদ্দেশ্য বিভেদ টানা, বিদ্বেষের আগুন জ্বালিয়ে রাখা। তাই সারল্যের কাছে যা বৈচিত্র্য, বিদ্বেষের কাছে তা শত্রুতা। সুশিক্ষা এইটুকুকেই স্পষ্ট বুঝতে শেখায়।

↑