sumanasya
10 August 2026
সুখ এসে বসল আরামকেদারায়। বসার ভঙ্গিতে উন্নাসিকতা ঢাকা, ছদ্ম বিনয়ে। আমায় ইঙ্গিতে বলল, সামনে এসে দাঁড়াও।
আমি বসলাম বিপরীত দিকে রাখা সাধারণ কেদারায়। বসে বলতে শুরু করলাম বিগত সুখেদের গল্প, একে একে।
শুনতে শুনতে সে সঙ্কুচিত হতে শুরু করল। বলল, চলে যাব?
বললাম, তাই বললাম বুঝি? সময় হলেই যেও। আমি উঠি। কাজ আছে।
আমি ঘরের বাইরের যেতে চৌকাঠে পা দিলাম। সুখ বলল, একটা প্রশ্ন ছিল।
ফিরে তাকালাম। বললাম, বলো।
ওরা কি কিছুই রেখে যায়নি?
দীর্ঘশ্বাস ফেললাম। না চাইতেও।
সুখ বলল, আচ্ছা, তুমি যাও, আমি চলে যাব সময় হলেই।
Category
- Log in to post comments
- 1 view