Skip to main content

রাধাবল্লভজীর মন্দিরে সেদিন ভীষণ ভিড়। বৃন্দাবন উপচে পড়েছে যেন। একটু উঁচুতে দাঁড়িয়ে পূর্ণিমা বাতাস করছে। রাধাবল্লভকে না। তার ওই বেদীতে ওঠার অনুমতিই নেই। সে না নারী, না পুরুষ। শ্রীবল্লভ যেন নারী গড়তে গড়তে হঠাৎ উঠে কোথাও গেলেন। ফিরে এসে ভুলে বাকিটা পুরুষ গড়ে সংসারে পাঠিয়ে দিলেন। পূর্ণিমার জন্ম নদীয়ায়। শান্তিপুরে। ঠাকুমা আগে এসেছিল। মাও তারপর তাকে এখানে পাঠিয়ে দিল। মা ভয় পেয়েছিল ওখানে। ঠাকুমা মারা গেছে। পূর্ণিমা আর ফেরেনি। বয়েসও তো হল, তা প্রায় সাঁইত্রিশ আটত্রিশ তো হবেই।

সন্ধ্যে যত বাড়ছে ভিড় তত বাড়ছে। এই হাতপাখাটা ঠাকুমার। ঠাকুর্দা নাকি কিনে দিয়েছিল রাসের মেলা থেকে। ঠাকুমা তাকে দিয়ে গেছে। আর বলে গেছে রাধাবল্লভের সেবার অধিকার থাকুক না থাকুক, ভক্তের সেবা করবি। ভক্তের সেবাতেই রাধাবল্লভ তুষ্ট হন, করুণা করেন।

রাত হল। মন্দিরের দরজা বন্ধ হল। পূর্ণিমা ঘেমেনেয়ে যমুনার জলে নামল। সেই গভীরতা কই? তবু মাথা ডুবিয়ে স্নান করল। পাড়ে রাখা তার হাওয়াই চটি আর পাখাটা। স্নান সেরে ভেজা কাপড়ে হাঁটতে শুরু করল। বাড়ি তো সেই রংজী মন্দির ছাড়িয়ে। কে ডাকে?

পূর্ণিমা, অ্যাই পূর্ণিমা।

ফিরে তাকালো। এক বৃদ্ধা। যমুনার ধারে ঝুপড়ি বানিয়ে থাকে। বাতের ব্যথায় চলতে পারে না।

আজ রাধাবল্লভজীকে কেমন সাজিয়ে ছিল রে? আমার পোড়ার পায়ের জন্য কোথাও যেতে পারি না, জানিসই তো। একটু বল না রে!

পূর্ণিমা ভাবল বাড়ি গিয়ে রুটি করতে হবে। মালা গাঁথতে হবে দেড়শো প্রায়। অর্ডার আছে। কিন্তু তাও বসল। ভেজা গায়ে। বলতে শুরু করল কেমন শৃঙ্গার হয়েছিল। বলতে বলতে এমন বিহ্বল হয়ে গেল যেন সে নিজেই সাজায় রোজ। বৃদ্ধা চোখের জলে ভাসছে। বলল, তুই রাধারমণের শৃঙ্গার দেখেছিস? আমি বলি শোন। সেদিন ছিল শারদ পূর্ণিমা…..

একবার পূর্ণিমা বলে, একবার বৃদ্ধা বলে শৃঙ্গারের গল্প। বলতে বলতে রাত গড়িয়ে গভীর হয়। বৃদ্ধা বলে আর ফিরিস না, শুয়ে পড়। ওই ওখানে দুটো কলা আছে, একটা আমায় দে, আর একটা তুই খা। যা।

কলা খেয়ে দুজনে শুয়ে পড়ল ঝুপড়ির মধ্যে। যমুনার ঠাণ্ডা হাওয়ায় কখন যে ঘুমিয়ে গেল দুজনে। ভোরের আলো ফুটতেই পূর্ণিমা বলল, আমি আসি গো, বেলা হলে আর মালা গাঁথা হবে না।

বৃদ্ধা হাসল। পূর্ণিমা “রাধে রাধে” বলে রওনা দিল। দেড়শো মালা গাঁথতে হবে। কী করে হবে? রাস্তা আগলালো বৃদ্ধ হনুমানদাস। সে সদ্য চায়ের দোকান খুলেছে, তাকে চা খেয়েই যেতে হবে। না হলে তার নাকি অকল্যাণ হবে। এটা জানে পূর্ণিমা, তাদের নিয়ে অনেক অকল্যাণের ভয় মানুষের মনে। কেন, সে কি বারের ঠাকুর? কিন্তু তর্ক করে কী হবে? যুক্তি কি এত যুগের ভাবনার অভ্যাসকে রাতারাতি বদলাতে পারে?

চা খেয়ে যখন বাড়ি এলো তখন বাড়ির সামনে অলোক দাঁড়িয়ে। এই তাকে মালার অর্ডার দেয়। দিদি বলে ডাকে। বড্ড ভালোবাসে। তাকে দেখেই বলল, দিদি কোথায় ছিলে? যা হোক শোনো, মন্দিরের প্রধান পূজারী নাকি কাল স্বপ্ন দেখেছেন রাধাবল্লভজী তোমার হাতের পোশাক পরবেন। তুমি এখনই যাও, তুমি কি নকশা আঁকতে জানো তাই কোরো।

পূর্ণিমা লজ্জা পেয়ে গেল। কাল রাতে কিছু শৃঙ্গার সে নিজের কল্পনা মিশিয়ে বলেছে। যেমনটা সে দেখতে চায়। তাই বলে ডেকে পাঠাতে হবে? লোকে যদি হাসে? এরকম বিপদে ফেলতে হয়? পাজি!

↑