তবু তা আন্তরিক হোক
ওগুলো কি ফুল?
প্লাস্টিকের?
ফেলে দাও
বরং আনো কিছু বুনোফুল
তবু তা প্রকৃতির হোক
ওটা কিসের কাগজ?
গানের খাতা?
সরিয়ে দাও
না হয় দু'লাইনই গাও
তবু তা প্রাণের হোক
এ কিসের মিছিল?
প্রভাতফেরী?
বন্ধো করো
না হয় নিভৃতে বসো তাঁর কাছে
একান্তে একটা প্রণামই জানাও
তবু তা আন্তরিক হোক
নতুন
আমার দিকে তাকাও
দেখো আমি কালকের 'আমি' না।
আমিও আজ নতুন সকাল দেখেছি
তোমারই মত।
তোমার কালকের 'তুমি'
আমার কালকের 'আমি'
থাক না কালের গর্তে মিলিয়ে
জন্মের মত।
আমার হাতে হাত রাখো
দেখো আমার শরীরে আজ নতুন উত্তাপ
প্রেমকে কিছু শর্ত থেকে দিয়েছি মুক্তি
চিরকালের মত।
আবেশ
আমি কি খুব জোরের সাথে বলতে পেরেছি
"আমার এসব চাই না"।
পারিনি বোধহয়
তাই শ্যাওলাগুলো এত দুর্বল হলেও
আমায় পেয়ে বসেছে
পায়ের নখগুলো বেড়ে গিয়ে শিকড় হয়ে আটকে
আমি নীলাকাশে তাকিয়ে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ি-
কিছুটা ক্লান্তিতে, কিছুটা অবিশ্বাসে
কখন শঙখচিল উড়ে গেছে খেয়াল করিনি
আমার মুখের উপর ওর ছায়া আঁকা হয়ে আছে জীবাশ্মের মত।
দু'চক্ষের বিষ!
তোমায় আমি ভালোবাসি?
কক্ষনো না!
অমন খুদে চোখ
অমন বোঁচা নাক
অমন খ্যানা গলা
অমন ছ্যাদা কান
ধুর ধুর ধুর!
তবু কেন রোজই আসি?
না হলে মূর্খ বোঝাব কি করে
তোমায় আমি কতটা বাজেবাসি!
কেন এত রাগ?
তা হবে না!
এমন পোড়া রূপ নিয়ে
এমন ঢঙের সাজ!
খেয়ালের হাওয়া
মন কি খড়ের গাদা!
কেউ জ্বলন্ত কিছু ফেলল অমনি ধরে গেল?
মন কি কাদার তাল!
কেউ একটু জল ছুঁড়ল অমনি গলে গেল?
মন কি ঘরের ডাস্টবিন!
যেই খুলেছ, অমনি গন্ধে টেকা দায় হল?
মন কি জং ছুরি!
যেই না ছোঁয়া লাগল, টিটেনাশ নিতে হল?
আরে তা নয়
আরে তা নয়
মন খেয়ালের হাওয়া
যাই আসুক
তাকেই সে ভাই, ভাসিয়ে নিয়ে চলল।
ওরা
দীর্ঘশ্বাসগুলো ছাদের কার্নিশে
জানলার পাশে, উঠোনে, আমগাছে বসে।
আমি যতবার ওদের দৌড়ে গিয়ে তাড়াই-
হুশ..যা... যা... হুশ...
ততবার ওরা উড়ে গিয়ে, আবার ফিরে আসে,
আবার বসে আমার ঘরের
আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে।
কি চায় ওরা?
ওদের হাতে করে খাইয়েছি কি কবে?
জানি না।
তবে কেন ওরা আমার চোখের দিকে
আছে
আমার কিছু একটা আছে তোমার কাছে।
কি বলো তো?
আমার সেই হারিয়ে যাওয়া জামার বোতাম?
নাকি পকেট থেকে পড়ে যাওয়া নীল রুমাল?
না সেই কালো কালির বল পেনটার ঢাকনা?
এগুলো নয়?
যাবি?
তোকে চোখে দেখার আগে
হতাম যদি অন্ধ
কিম্বা উদাস বৈরাগী?
এমন দশা হত কি ছাই?
এখন চোখ পুড়েছে, বুক পুড়েছে
কোন নদীতে নাও ভাসি?
নাও ভাসি, নাও ভাসি
তুই যদি যাস-
যাই বৃন্দাবন
না হলে হই
কাশীবাসি।
তোমরা
আমার স্বর্গ
আমার নরক
আমার মুক্তি
আমার বাঁধন
আমার বিশ্বাস
আমার সংশয়
আমার প্রেম
আমার অপ্রেম
আমার নীতি
আমার আবেগ
আমার আশা
আমার অবসাদ
আমার সুখ
আমার দুখ
আমার যাওয়া
আমার আসা
সব তোমরা-
আমার চারপাশে যারা।
তোমাদের ছায়ার ছায়া
আমার অস্তিত্ব, আমার কায়া।
কালবৈশাখী
উদভ্রান্তের মত অনেকটা রাস্তা ছোটা হয়ে গেছে
ততটা কাছাকাছি পৌঁছানো যায়নি যদিও
চোরাবালিতে বেশ খানিকটা ডুবে আটকে।
আকাশটা পুরোপুরি বিদায় জানাতে না পেরে মাথার উপর থমকে দাঁড়িয়ে আছে।