তুমি
১
-------
বলেছিলাম, এ তো মরুভূমি!
তুমি ছায়ার আড়াল করে দাঁড়ালে
বলেছিলাম, এ তো মাঝ সমুদ্র!
তুমি দ্বীপ হয়ে বাঁচালে
বলেছিলাম, এ তো দাবানল!
তুমি বৃষ্টি হয়ে নেভালে
২
------
তুমি নদী হলে
পাথরও হলে কখনো
তুমি বাতাস হলে
স্থির প্রদীপ শিখাও হলে কখনো
তুমি কান্না হলে
আকাশের মত নীলও হলে কখনো
মিথ্যার ছাই হয় না
হঠাৎ কি হল
পাঁচিলের গায়ে রোদ আটকালো?
তুবড়িতে আগুন দিতে-
ছুটল সাগরের নোনা জল?
চীৎকার করে গলার শিরা ফুলিয়ে কি বলছে ওরা?
ওগুলো মিথ্যা কথা।
কুকুরের পেচ্ছাপের মত তোমার বোধের উপর এক পা তুলে সারছে,
সরে দাঁড়াতে পারছ না?
বোধশোধ সব খুইয়েছ নাকি?
ঘুঁটের পোকা ঘুঁটের সাথেই পোড়ে,
ওরাও পুড়বে। পুড়ে ছাই হবে না।
কারণ মিথ্যার ছাই হয় না।
লাগাম ছাড়া
কিছুটা সময় পাশে থাকো অনর্থক,
বাইরে না হয় ঝরুক বর্ষা, লাগাম ছাড়া।
কিছুটা সময় আঙুলের সাথে আঙুল গড়ুক সোপান ,
বাইরে না হয় বাজ পড়ুক,
তছনছ হোক সাজিয়ে রাখা বাগান।
কিছুটা সময় ডুবিয়ে দাও,
ঠোঁটের নির্বাক বিন্যাস ঠোঁট আঁকুক
বাইরে না হয় বন্যা নামুক
মাঠ ঘাট সব ভাসুক।
জেনেও
দেওয়ার পর
দুটো হাত গুটিয়ে নিও অলক্ষ্যে
না হলে শূন্য হাতদুটোর
না মেলা হিসাব জাগাবে অনেক রাত
দেওয়ার সাথে পাওয়ার হিসাব
মেলেনি অনেকেরই
এটাই হয়
এমনই হয়
তবু দিতেও হয়
আবার হাত গুটাতে হবে জেনেও
জীবন
চোখে লেগেছিল সুন্দর
খুঁত ছিল, ছিল অপূর্ণতা
তবু চোখে লেগেছিল সুন্দর
মনে এসেছিল ভালবাসা
বিষ ছিল, ছিল ঈর্ষা
তবু মনে এসেছিল ভালাবাসা
চেতনায় এসেছিল আলো
সংশয় ছিল, ছিল ভয়
তবু চেতনায় এসেছিল আলো
জীবনে এসেছিল জীবন
মৃত্যু ছিল, ছিল বিচ্ছেদ
তবু জীবনে এসেছিল জীবন
মায়া
আমি যদি
কিছু একটা হই
অমনি দেখি আলোকে ঢেকে
বানিয়ে ফেলেছি এত্তবড় ছায়া!
নিজেকে বলি, সরে আয় ভাই
আমি তো আর তেমন কিছু নই
নিজের সাথে তাও থাকা যায়
ছায়ার যে ভাই বড্ড বেশি মায়া!
মাঝপথে
একটা বৃত্ত পূর্ণ হতে কতটা জায়গা লাগে?
জানি না
একটা কেন্দ্রে কতগুলো বৃত্তের কেন্দ্র থাকে?
জানি না
আমি পরিধি বরাবর ঘুরে এসেছি।
কেন্দ্রে শুনেছি -
ঢেউয়ের গর্জন
ঝড়ের হুংকার
বলে যাও
আমি সব ভুলে যাই
ওই চোখ দুটোর দিকে তাকিয়ে
সরিয়ে নেবে?
নাও
তবে,
কোনদিকে তাকিয়ে
তোমার চোখ দুটো ভুলি,
বলতে পারো?
পারলে, বলে যাও
দিক
অনেক দিন
এ দিক
ও দিক
করার পর বুঝলাম
সব দিকই
এদিক
ওদিক
এখন তাই
দিকবিদিক জ্ঞান হারিয়ে
বেশ আছি
মিথ্যা
যেদিন তোমার ভয় বাস্তবের মুখোমুখি হবে,
দেখবে বাস্তবের হাত তোমার ডান হাতে ধরা
ভয় মিলিয়ে যাচ্ছে ধোঁয়ার মত, একা।
যেদিন তোমার কল্পনা প্রেমের মুখোমুখি হবে,
দেখবে প্রেমের পাদুটো তোমার দাঁড়ানো মাটিতেই রাখা
কল্পনা মিলিয়ে যাচ্ছে কুয়াশার মত, একা।