জীবনকে ঈশ্বরও বুঝতে চান। তাই প্রতিদিন নিত্যনতুন ব্যথায়, আঘাতে, বিপর্যয়ে বুঝতে চান জীবনের শিকড় কতদূর?
সিগন্যালে দাঁড়িয়ে। খিদে লেগেছে। স্কুটির সামনে নাইলনের ব্যাগ। ঝুঁকে পড়ে ব্যাগ থেকে একটা ছোটো স্টিলের টিফিন বক্স বার করল যার একদিক তুবড়ানো। তাড়াতাড়ি একটা বিস্কুট মুখে পুরেই আবার টিফিন বক্সটা ব্যাগে ভরে রাখল। চিবাতে চিবাতে ব্যাগের ভেতর থেকে জলের বোতল বার করল একটা। বয়েস কত হবে? না না, জলের বোতলের না, স্কুটির না, ওই নাইলনের ব্যাগ কিম্বা টিফিন বক্সের না, মানুষটার বয়েস কত হবে? ষাট? রোগা শরীর। চোখে হাইপাওয়ারের চশমা। গায়ে আছে ফুল হাতা শার্ট আর কালো প্যান্ট। আবার ঝুঁকল। একটা লরি ঘুরতে গিয়ে ফেঁসে গেছে। চারদিকে গাড়ির হর্ণ তারস্বরে বাজছে। লোকটা আবার ঝুঁকে গেল। আরো একটা বিস্কুট বার করল। আবার মুখে পুরল, আবার জল দিয়ে গিলে নিল। তীক্ষ্ণ কন্ঠাস্থি উল্লাসে উঠতে নামতে বলল, আরেকটা, লরি তো ঘোরেনি এখনও। লোকটা আরেকটা বিস্কুট খেল। ভাদ্রের পচা গরমে ঘামতে ঘামতে গোটা শরীরে এই তিন নম্বর বিস্কুটটা ভরে দিতে দিতে বলল, বেঁচে থাক। ছেলেটাকে দেখে আসি। ছেলেটা জেনারেল বেডে শুয়ে আছে। এই পৃথিবী থেকে সরে যেতে চাইছিল। ভালোবাসায় ব্যর্থ হয়ে। ভাদ্রের পর আশ্বিন। আশ্বিনে মা আসবেন। কী মুখে দাঁড়াত মায়ের সামনে। ওর মা সেই কথাই আজ সকালে বলছিল, যখন শুনল ডাক্তার জানিয়েছে ছেলেটা বিপদ মুক্ত। এখনও সিগন্যাল হয়নি। নেপালের হাহাকার মনে পড়ে যাচ্ছে। পরিবারের পর পরিবার। শূন্য। ঈশ্বর পরীক্ষা নেন, বাবা বলতেন। পূজারী ছিলেন। বোকা মানুষ ছিলেন ভীষণ। ভালো মানুষ ছিলেন। কিন্তু ঈশ্বর কার পরীক্ষা নেন? ঈশ্বর জীবনকে তলিয়ে দেখেন, সইতে পারল কী? নেপালের টুকরো টুকরো ছবি ভাদ্রের রোদে শকুনের মত মাথার উপর ঘুরে বেড়াচ্ছে। বিস্কুটগুলো টকে গেল। টক টক ঢেকুর উঠছে। সিগন্যাল সবুজ হল। লোকটা মিলিয়ে গেল রাস্তার অসীমত্বে। শূন্যতায়। সব মিলিয়ে অবশেষে শূন্য। এত শূন্য জমিয়ে কী করো ঈশ্বর? ফাঁকা রাস্তায় লাল সিগন্যাল জিজ্ঞাসা করল।
Category
- Log in to post comments
- 1 view