বুদ্ধি যত পুরোনো হয়ে, দুঁদে হয়। কদর বাড়ে সংসারে। আর হৃদয়? নতুনকে না পেলে সে বাঁচে না।
ফুল ফুটল। পাকা বুদ্ধি হিসাব কষে বলল, কী কারণে ফুটেছে আমি জানি। কত যুগ ধরে ফুটে চলেছে তাও জানি। এতে নতুন কিছু নেই।
হৃদয় বলে, এই ফুল এই গাছে গতকালই ফুটেছিল, ঠিক। কিন্তু তবু এতে যেন নতুন কিছু আছে। তুমি দেখছ না?
এইভাবে চাঁদ, আকাশ, সমুদ্র, ফুল, গান, ছবি ইত্যাদি সবকে পাকা বুদ্ধি বলে, পুরোনো। আর হৃদয় প্রতিবার দেখে নতুন।
এ কি দ্বন্দ্ব? না। এই জীবন। নতুনে পুরোনো আর চিরাচরিততে নতুনকে দেখা, এই ছন্দ। একদিকে বিস্ময়, আরেকদিকে অভিজ্ঞতা। একদিকে উচ্ছ্বাস, আরেকদিকে গাম্ভীর্যর সুরে বৈরাগ্য। দুই-ই আছে। দুই-ই সত্য। কিন্তু কোনোটাকেই একক সত্য করে দেখতে গেলেই ছন্দপতন। আমাদের মহাদেব আর শ্রীকৃষ্ণের তত্ত্বে এই মাধুর্যটি লুকিয়ে। কৈলাস আর বৃন্দাবন। মহাযোগী আর লীলাময়। দুই-ই যদি না সত্য হল, তবে তো রসভঙ্গ!