আমি কি কোনোভাবে কোনো ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক বা যে কোনো প্রাতিষ্ঠানিক বা অরগানাইজড সংস্থা দ্বারা নিয়ন্ত্রিত বা প্রভাবিত? আমি কি কোনোভাবে ব্রেনওয়াশিং এর শিকার? এগুলো জানতে স্টিভেন হাসান একটা গবেষণা করেছিলেন। তারপর একটা বই লিখেছিলেন - কাল্ট অ্যান্ড মাইন্ড কন্ট্রোল। আমি কোনো রিভিউ লিখছি না বইটার। আমি বইটার একটা বিশেষ অংশে একটু ফোকাস করতে চাইছি। আমার মনে হয় আমাদের অনেকের হয় তো কিছুটা উপকার হলেও হতে পারে। উনি BITE model এর কথা বলছেন। অর্থাৎ যে কোনো ব্রেনওয়াশার প্রতিষ্ঠান এই চারটে জিনিসের দ্বারা আপনাকে আমাকে নিয়ন্ত্রণ করে থাকে। সারা বিশ্বজুড়েই এগুলো হয়ে চলেছে। একটা একটা করে দেখা যাক। মিডিয়া থেকে ঈশ্বর সবই এর মেশিনারি।
B - Behavior Control :
কিছু নিয়মাবলী নির্ধারিত করা হবে। যেমন আমি কী খাব, কী পরব, কোন কমিউনিটিতে মিশব। আমার চয়েসগুলোর একটা সীমাবদ্ধতা রাখা থাকবে। আর এসবই থাকবে আমার ভালোর জন্য।
I - Information Control:
আমাকে যতটা পারা যায় সঠিক যথাযথ তথ্য আর তার উৎস থেকে দূরে রাখার চেষ্টা হবে। ধর্মীয় প্রতিষ্ঠানে বেশ বলা হয়, এত পড়লে অবিশ্বাস আসবে। বেশি পড়ে, জেনেই যত গোলমাল করেছ। এই কথাটা আমাকে অনেকবার শুনতে হয়েছে।
যে তথ্য আসবে সেও সেনসারড থাকবে। চেরি পিকিং বলতে যা বোঝায় তাই থাকবে। হোল স্টোরি, বা কমপ্লিট স্টোরি থেকে আমাকে বিরত রাখার চেষ্টা করা হবে।
সমালোচক, মুক্তচিন্তকদের অবিশ্বাস করতে শেখানো হবে। তাদের চরিত্রহনন, গুপ্ত উদ্দেশ্য, ষঢ়যন্ত্র ইত্যাদি ন্যারেটিভ তৈরি করা হবে।
বড় মিথ্যা বলা হবে। অনেকটা হোয়াইট লাই বলতে যা বোঝায় তেমন কিছু একটা। ছোটো মিথ্যাকে কমব্যাট করা যত সোজা বড় মিথ্যাকে নয়। জটিল ধাঁধা লাগানো স্ট্যাটেস্টিক্স এখানে বড় একটা ভূমিকা পালন করে।
T- Thought Control:
এইটা সব চাইতে সফিস্টেকেটেড কন্ট্রোলিং ফ্যাক্টর। যা কিছু ক্রিটিকাল থিংকিংকে সাহায্য করে তারই দমন।
প্রথমত সব কিছুকে একটা বায়নারিতে দাঁড় করানো। সব কিছুকেই ব্ল্যাক অ্যাণ্ড হোইটে দেখানো।
দ্বিতীয়ত,
চক্রাকার যুক্তির শৃঙ্খল তৈরি করা। ক ঘটনার জন্য খ দায়ী, আবার খ ঘটনার জন্য ক দায়ী। কিছুতেই এই শৃঙ্খলা থেকে বের হতে না দেওয়া।
তৃতীয়ত,
মত বা ওপিনিয়নকেই ফ্যাক্ট বলে দেখানো। যাকে অবশ্যই ধ্রুব, অভ্রান্ত সত্য হিসাবে দেখানো।
এছাড়াও আছে নতুন টার্মিনোলজি, নতুন ন্যারেটিভ তৈরি করা যা ভুল তথ্য বা অর্ধসত্যের উপর দাঁড়িয়ে।
E - Emotional Control:
ভয় আর অপরাধবোধের নতুন সংজ্ঞা তৈরি করা। এমন একটা শুদ্ধতার সংজ্ঞা বা লক্ষ্য বা আদর্শ জীবনের মাপকাঠি তৈরি করা যা সাধারণ মানুষের মধ্যে স্বাভাবিকভাবে আসা সম্ভব না। ফলে সে অপরাধবোধে থাকবে। আর সেই অপরাধবোধজনিত শাস্তি, ভয় ইত্যাদিও তাকে ইমোশনালি দুর্বল রাখবে। ধর্মীয় অথোরিটি থেকে রাজনৈতিক সবই এই কৌশলে বিশ্বাস করে। যেমন কে গুরু হবেন সেই অথোরিটি প্রতিষ্ঠান ঠিক করে দিচ্ছে। তাকে প্রশ্ন করা প্রশ্নাতীত এও বুঝিয়ে দিচ্ছে। মেনে চললে তোমার জন্য এই এই ভালো, তুমি আমাদের লোক, আর না মেনে চললে কী যে হবে কল্পনাও করতে পারছ না। অর্থাৎ একটা শর্তসাপেক্ষ অ্যাকসপেটন্স থিওরি দাঁড় করিয়ে দেওয়া। জিঙ্গোইজমও এর আরেকটা উদাহরণ।
কারোর মনে সুকৌশলে অপরাধবোধ, লজ্জাবোধ, ভয়, আতঙ্ক ঢুকিয়ে দেওয়া তার নিজেকে নিয়ে। তার যেন সব সময় মনে হয় সে অপূর্ণ, কোনো না কোনোভাবে অপরাধী। ফলে সে প্রশ্ন করবে না। প্রশ্ন করাকে ঔদ্ধত্য হিসাবে দেখাও। সংশয় আসাকে জীবনের পরমগতির একটা মহা অধঃপতন হিসাবে দেখাও। এবং এগুলোর ফলে তার ভবিষ্যৎ জীবন কীভাবে নানা দুর্যোগের কবলে পড়তে চলেছে সেই নিয়ে তার মধ্যে একটা আতঙ্কবোধ তৈরি করে দাও। আর যদি সে এই অথোরিটেটিভ শর্তের অনুকূলে চলতে পারে তবে তার মধ্যে একটা অবাস্তব অযৌক্তিক আত্মতুষ্টির ভাব আসবে। সে নিজেকে কেউকেটা মনে করবে। অন্যকে তুচ্ছ হেয় করবে। হোলিয়ার দ্যান দাও করবে। সেই আত্মতুষ্টির প্রসাদ পেতে পেতে সে সম্পূর্ণ অথোরিটির ইয়েস ম্যান হয়ে যাবে।
এই মডেল ব্যাখ্যার পর স্টিভেন আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলছেন। এই চারটে সবক্ষেত্রে সমান মাত্রায় থাকবে এমন নয়। এগুলোর একটা স্পেক্ট্রাম আছে। অর্থাৎ প্রয়োগের কম বেশি মাত্রা আছে। কন্ট্রোলিং ফ্যাক্টরগুলো কোন ক্ষেত্রে কতটা কী মাত্রায় কার্যশীল সেটা আলাদা আলাদা করে বিচার্য্য।
Category
- Log in to post comments
- 2 views