sumanasya
7 November 2026
আলো চিরকালের হয় না। অন্ধকার চিরকালের। সব আলো নিভে গেলে অন্ধকারে থাকতে থাকতে ধীরে ধীরে চোখ সয়ে যায়। হাতড়াতে হাতড়াতে একটা হাতড়ানো দৃষ্টির আশীর্বাদ পায় মানুষ। বেচারা মানুষ। সেই হাতড়ানো দৃষ্টিতে যাই পায় তাতেই সে ভয় পায়। এরপর কী, এরপর কী? এই করতে করতে সেই হাতড়ানো দৃষ্টিও ক্ষীণ হয়ে আসে। একেবারে অন্ধকারে ডুবে যাওয়ার আগে হাতটা উপরে তোলে, পাশে ছোঁড়ে। কাউকে খোঁজে। যাকে বিশ্বাস করেছিল সে আছে। বিশ্বাস প্রতিধ্বনি হয়ে ফিরে আসে। সে ডুবে যায়। লীন হয়ে যায়। প্রতিধ্বনি শোনার জন্য সে নেই আর। নতুন যে এসেছে, সে মনে করে এই প্রতিধ্বনি বুঝি বা অসীমের চিরকালের বাণী - সে আছে, সে আছে, সে আছে। কে বলবে তাকে, সব ধ্বনিই তার আগের প্রজন্মের প্রতিধ্বনি মাত্র? অন্ধকার সহ্য করে মানুষ। বিশ্বাস করলে সে বাঁচে কী করে?
Category
- Log in to post comments
- 1 view